২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল শহরে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 03:30 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

রোববার বিকালে শহরের বিশ্বাস বেতকা এলাকায় ব্যবসায়ী দেলোয়ার হোসেন ওরফে তুহিনকে (৪০) সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করে।

তুহিন ওই এলাকার শুকুর মাহমুদের ছেলে, তার বালুর ব্যবসা রয়েছে।

টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, তুহিন সুপারি বাগান রোডে সৃষ্টি একাডেমিক স্কুলের পেছনে আরো দুই যুবকের সঙ্গে বিকালে আড্ডা দিচ্ছিলেন।

বিকেল সাড়ে ৪টার দিকে ৭/৮ জনের একটি দল এসে তুহিন ও অপর দু’জনকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী হওয়ায় আশেপাশের কেউ এগিয়ে আসেনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তুহিনের আত্মীয়-স্বজনরাও এগিয়ে আসেন। তারা তুহিনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই সালাউদ্দিন।

তিনি জানান, তুহিনের শরীরে জখম ও একটি আঙ্গুল কাটা পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, তুহিনের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী ও মাদক মামলা রয়েছে। বছর বিশের আগে তুহিন পিস্তলসহ পুলিশের কাছে ধরা পড়েছিল। সে মামলায় তার জেলও হয়। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান।

সর্বশেষ গত বছর তুহিন আটশ’ ইয়াবাসহ গাজীপুরে পুলিশের হাতে ধরা পড়ে। কিছুদিন হাজত খাটার পর পুনরায় জামিনে বেরিয়ে আসেন।

তুহিনের বাবা শুকুর মাহমুদ জানান, এলাকার একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী তুহিনকে হত্যা করেছে।