শীতলক্ষ্যায় ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রোববার সকাল থেকে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ শীতলক্ষ্যার পূর্ব পাড়ে নারায়ণগঞ্জের বন্দর খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালায়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ তালুকদার জানান, অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এরমধ্যে ২০-২৫টি টং দোকান, টিনের ঘর ছিল।
“এছাড়া বেশ কিছু ইট, বালু ব্যবসায়ী ও মাটির ঘরের বাসিন্দাদেরকে তাদের মালামাল দু’দিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে।”
দুপুরের পরে পশ্চিম মুক্তারপুরের পঞ্চসার ইউনিয়নে অবস্থিত মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় নদীতে বাঁশ দিয়ে ঘেরাও করে রাখা কিছু অংশ ভেঙ্গে ফেলা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ তালুকদার।
বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক ভারপ্রাপ্ত আলমগীর কবির জানান, শীতলক্ষ্যার তীরে অবৈধ দখলদারদের দখলকৃত অংশ সরিয়ে নিতে বারবার নোটিশ ও মামলা করা হলেও দখলদাররা কোন কর্ণপাত করেনি।
