২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে হামলা, গ্রেপ্তার ৭

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস ও এক কর্মকর্তার বাসভবনে বৃহস্পতিবার রাতে হামলা চালিয়েছে এলাকার লোকজন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 10:31 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

তদবিরের কাজ না করায় সাবেক এক ছাত্রলীগ নেতা এ হামলায় নেতৃত্ব দেন বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অভিযোগ করেছে।

তবে ওই ছাত্রলীগ নেতা এ অভিযোগ অস্বীকার করেছেন।

পুলিশ জানায়, হামলাকারীদের মারপিটে আনসার সদস্য রেজওয়ান ইসলাম, বাবুল হোসেন, আব্দুল কাদের ও নিরাপত্তাকর্মী আবুবক্কার মুসা আহত হয়েছেন। 

আহতদের মধ্যে আবু বক্কার মুসা ও রেজওয়ান ইসলামকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি  করা হয়েছে।

এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল  ম্যানেজার মো. হারুন অভিযোগ করেন, সাবেক ছাত্রলীগ নেতা হরিদাসপুর গ্রামের মোস্তাক হোসেন সেন্টু বিভিন্ন সময়ে পল্লী বিদ্যুৎ অফিসে এসে  বিভিন্ন অবৈধ লাইনের তদবিরসহ বিভিন্ন কাজের সুপারিশ করতে আসতেন।

কিন্তু তার কাজ করে না দেয়ায় একাধিকবার তিনি হুমকি দিয়েছেন।

বৃহস্পতিবার লোডশেডিংয়ের অজুহাতে অর্ধশতাধিক লোক রাত ১২টার দিকে গেট টপকে ভেতরে ঢুকে প্রথমে আনসার ও নিরাপত্তা কর্মীদের লাঠিসোটা  দিয়ে বেদম মারপিট করে। 

এরপর পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র ভাংচুর ও  তছনছ করে। তারপর আমার কোয়ার্টারে ঢুকে ড্রইং রুম, বেড রুম ভাংচুর করে।  কাগজ ও চিঠিপত্র বের করে আগুন ধরিয়ে দেয়।  

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় জড়িত অভিযোগে রাতেই পুলিশ সাত  জনকে গ্রেপ্তার করেছে।

এদের মধ্যে ছয়জন হলেন রিয়াজ হোসেন (২৫), মনির হোসেন (৪০), মোর্শেদ আলম কামাল (৪৫), তরিকুল শেখ (১৮), আবুল হোসেন (৩৯), লেবু শেখ (৩৮)। একজনের নাম জানা যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ডিউটি অফিসার সুমন আইচ জানান, এ ঘটনায় শুক্রবার পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. হারুন বাদী হয়ে মোস্তাক হোসেন সেন্টুসহ পাঁচ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাত পরিচয় আরো ৩০/৪০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন।

মামলা রেকর্ড করার পর গ্রেপ্তারদের আদালতে  পাঠানো হয় বলে তিনি জানান। 

মোস্তাক হোসেন সেন্টু অভিযোগ অস্বীকার করে  বলেন, “আমি কখনোই কোনো অবৈধ কাজের জন্য পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারকে অনুরোধ করিনি।  

“মিথ্যা অভিযোগে তিনি আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। হামলা বা ভাংচুরের সময়  আমি ছিলাম না।” 

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত  ১২টার মধ্যে মাত্র ৪৫ মিনিট বিদুৎ ছিল।