২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকামার সময় বাড়ানোর অনুরোধ সৌদি ব্যবসায়ীর

সৌদি আরবে অবৈধ অভিবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ ৩ জুলাই থেকে আরো বাড়ানোর দাবি উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বুধবার সৌদি শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দেশটির ব্যবসায়ীরা এই মেয়াদ বাড়ানোর আহ্বান জানান বলে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।

মুহাম্মদ আল-সুবহি নামে এক ব্যবসায়ীকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, স্বাভাবিকীকরণের প্রক্রিয়া যথাযথ নয় এবং অসংগঠিত।

“সাধারণ ক্ষমার মেয়াদ শুরুর ছয় সপ্তাহ পরে ওই প্রক্রিয়ার ঘোষণা দেয়া হয়েছিলো। তাই আমরা মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছি।”

গত ১১ মে সাধারণ ক্ষমার আওতায় অবৈধ বিদেশি নাগরিকদের বিনা দণ্ডে দেশ ছাড়তে ৩ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেয় সৌদি সরকার। একইসঙ্গে এই সময়ের মধ্যে কাজের অনুমতিপত্র পরিবর্তন করে এবং পাসপোর্ট নবায়ন করে অবস্থানের সুযোগও দেয়া হয়।

২০০৯ সাল থেকেই দেশটিতে বাংলাদেশিদের কাজের অনুমতিপত্র পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ রয়েছে।

এ ঘোষণার পর বাংলাদেশের কর্মকর্তারা কাজে নেমে পড়ে। শ্রমিকদের সাহায্যে ২৪ ঘণ্টা সেবা চালু রাখার জন্য সৌদি দূতাবাসে অতিরিক্ত জনশক্তি নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও বুধবার জেদ্দায় সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজার মাদানির সঙ্গে বৈঠকে বাংলাদেশের শ্রমিকদের জন্য সময় বাড়াতে অনুরোধ করেন।

বাংলাদেশের জনশক্তির সবচেয়ে বড় গন্তব্য তেলসমৃদ্ধ সৌদি আরবে প্রবাসী কর্মীদের মধ্যে এক চতুর্থাংশই বাংলাদেশি।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, মাদাওয়ি আল-হাসুন নামে এক নারী ব্যবসায়ী বলেন, “অভিবাসীদের ওপর নির্ভরশীল সৌদিতে জন্মগ্রহণকারী এবং যারা বৈধভাবে এখানে বাস করছে তাদের সাহায্যে কিছু করা দরকার।

“বিভিন্ন পেশায় নিয়োজিত ৮০ শতাংশই এই ধরনের এবং তাদের উচ্চ গুণাবলী ও ব্যাপক দক্ষতা আছে।

“এই ধরনের শ্রমিকদের ওপরই বেশি নজর দেয়া দরকার। কারণ তারা একমাত্র সৌদি আরবকেই জানে,” যোগ করেন তিনি।

বৈঠকে শ্রম দপ্তরের পরিচালক আব্দুল মুনিম আল-সেহরি বলেন, নিয়োগকর্তারা পাসপোর্ট ও আবাসিক অনুমতিপত্র না দিলে শ্রমিকরা নিয়োগকর্তা পরিবর্তন করার অধিকার পাবে।

“সাধারণ ক্ষমা নির্দিষ্ট ধরনের অভিবাসীদের জন্য- যেমন যারা পলাতক ছিলো, কাজ থেকে অনুপস্থিত ছিলো, দেশীয়দের মধ্যে লঙ্ঘনকারী বা যারা হজ বা ওমরার পরে অতিরিক্ত সময় অবস্থান করছে- তাদের জন্য।”

এই সাধারণ ক্ষমার মেয়াদ সব জাতীয়তার মানুষদের জন্য বলে জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাদানি দীপু মনিকে জানিয়েছেন যে মেয়াদ বাড়ানোর অনুরোধ উর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনার জন্য পাঠানো হয়েছে।

আরব নিউজের মতে, সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পরু কোনো অবৈধ নাগরিক সৌদিতে অবস্থান করলে তাকে এক লাখ রিয়াল জরিমানা করা হবে এবং দুই বছরের কারদণ্ড দেয়া হবে।