রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে নিহত ২
রাজশাহীর পুঠিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
আহতদের মধ্যে ১৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মির্জা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস ও তাহেরপুর থেকে রাজশাহীগামী বিলাসী এন্টারপ্রাইজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পথে এক বৃদ্ধা মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে ন্যাশনাল বাসের চালক আবদুর রহিম (৩৫), বিলাসীর চালক জালাল উদ্দিন (৪৫), যাত্রী আনোয়ার হোসেন (৪৫), মুঞ্জর (৩২), শামসুল হক (৩৫), ছিদ্দিক (৫০), ফজলুল হক (৪৫), আকরাম হোসেন (৫০), বাবু (২৮), জনাব আলী (২৩), শুভ পাল (১৯), রিয়াদ (২৩), কান্দু (৬০), কাওসার (২৫), মোজাম্মেল (৩৩) ও তুহিনকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
