২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলীমের মামলায় সাড়ে তিনশ’ মানুষ হত্যার বর্ণনা দিলেন সাক্ষী

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল আলিমের বিরুদ্ধে সাক্ষ্যে একাত্তরের শুরুর দিকে জয়পুরহাটে সাড়ে তিনশ’ মানুষ হত্যার বর্ণনা দিয়েছেন প্রসিকিউশনের ২৬তম সাক্ষী যোগেন চন্দ্র পাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

জয়পুরহাটের কড়ই পালপাড়ার এই বাসিন্দা বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্য দেন। ১৯৭১ সালে তার বয়স ছিলো ২৩/২৪ বছর।

মৃৎশিল্প ও কৃষিকাজে নিয়োজিত যোগেন বলেন, ১৯৭১ সালের বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহে সোমবার দুপুর ১২টা-সাড়ে ১২টার দিকে কাদিপুরের দিক থেকে লোকজনের চিৎকার শুনতে পান তিনি। তিনি শুনতে পান, কাদিপুর গ্রামে আলিম নেতৃত্বাধীন শান্তি কমিটির লোক ও পাকসেনারা এসেছে।

“আমি বাড়ি থেকে দুই-তিন বিঘা সরে গিয়ে দেখি চাঁন-তারা পতাকা হাতে ও লাঠি হাতে কিছু লোকজন বেশ কিছু লোকজনকে তাড়া করে উত্তর দিক থেকে পশ্চিম দিকে নিয়ে আসছে।”

যোগেন বলেন, “আমি তখন ভয়ে আমার বাড়ির পূর্বদিকে একটি ঝোপঝাড়ওয়ালা গোরস্থানে অবস্থান নেই। সেখান থেকে আমি দেখতে পেলাম, আলিম সাহেবের শান্তি কমিটির লোকেরা লাঠি দিয়ে দাবড়িয়ে বেশ কিছু লোককে ডোমপুকুরে জড়ো করছে, সেখানে পাকসেনারা ছিলো।”

এর কিছুক্ষণ পর ডোম পুকুর পাড় থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পান যোগেন।

আবেগতাড়িত কণ্ঠে এই সাক্ষী বলেন, “চারদিকে প্রচণ্ড গোলাগুলি হচ্ছিলো। চারদিকে অগ্নিসংযোগ ও লুটপাট হচ্ছিলো। এ অবস্থায় আমি ভীত হয়ে গোরস্থানের মধ্যে ঝোপঝাড়ের পাতার মধ্যে নিজেকে আড়াল করে রাখি।”

“বেলা ডোবার প্রায় আধা ঘণ্টা পর আমি ডোমপুকুর পাড়ে গিয়ে দেখি শুধু লাশ আর লাশ পড়ে আছে। লাশের গায়ে রক্ত আর কাদা মাখামাখি।”

সেখানে নিহত দুই-তিনজনকে চিনতে পেরেছিলেন বলে জানান যোগেন।

“ওই দিন আলিম সাহেবের শান্তি কমিটির লোকেরা এবং পাকসেনারা মিলে ৩৭০ জনকে হত্যা করে।”

তিনি জানান, ভারত থেকে ফিরে এসে বাড়ির লুট হয়ে যাওয়া সব জিনিসপত্র ফেরত আনতে বাড়ির পূর্ব পাশে গিয়ে জানতে পারেন, আলিমের লোকদের কাছ থেকে বিপদের হুমকি পেয়ে লুট হওয়া জিনিসপত্র সব তৎকালীন মুসলিম লীগের নেতার চাতালে গিয়ে জমা দেন মুসলমানপাড়ার লোকেরা।