২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ হাজার ভবন নির্মাণকারীর বিরুদ্ধে ব্যবস্থা

নীতিমালা অনুসরণ না করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকা মহানগরীতে আট হাজার ভবনের নির্মাণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 05:14 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

বুধবার জাতীয় সংসদে তহুরা আলীর প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান।

প্রতিমন্ত্রী জানান, আট হাজার ভবন নির্মাণকারীর বিরুদ্ধে ইমারত আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়। আর কর্তব্যে অবহেলার জন্য রাজউকের পাঁচজন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রামে ভবন নির্মাণে নীতিমালা অনুসরণ না করায় প্রায় ২০০ জন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

প্রতিমন্ত্রী জানান, রাজশাহীতে এ পর্যন্ত সেমি পাকা ও পাকা শ্রেণীর প্রায় ৪ হাজার ভবন মালিককে নীতিমালা অনুসরণ না করায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কারণ দর্শানোর নোটিস দিয়েছে।

বেগম ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, রাজধানীর গুলশান-বনানী-বারিধারা ও ধানমন্ডি আবাসিক এলাকায় যে সব আবাসিক প্লটে অননুমোদিত ও অবৈধভাবে বাণিজ্যিক ব্যবহার করা হচ্ছে তা বন্ধে রাজউক আইনানুগ ব্যবস্থা নিয়েছে।

৩০ জুন উপবৃত্তি প্রদান উদ্বোধন

মো. জাকির হোসেনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, চলতি অর্থ বছরে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ছাত্রীদের ৭৫ কোটি ১৫ লাখ টাকা উপবৃত্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, আগামী ৩০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপবৃত্তি প্রদান অনুষ্ঠান উদ্বোধন করবেন। আর সারাদেশে উপবৃত্তি পাবে ১ লাখ ৩৩ হাজার ৭২৬ জন ছাত্রী।

সাধনা হালদারের প্রশ্নের জবাবে নাহিদ জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ ২১৩টি এবং সহকারি প্রধান শিক্ষকের শূন্য পদ হচ্ছে ১২৩টি। পদোন্নতির মাধ্যমে শতকরা ৮০ ভাগ এবং সরাসরি ২০ ভাগ পদ পূরণ করা হয়।