২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দিনেও সাকার মুখে ইতিহাসের বয়ান

দ্বিতীয় দিনের জবানবন্দিতে বাংলার রাজনৈতিক ইতিহাস বর্ণনার পর তৃতীয় দিনে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস বর্ণনা করে শুনানির পুরো সময় পার করেছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি জবানবন্দি দেন।

এর আগে জবানবন্দির প্রথম দিন পারিবারিক ইতিহাস বর্ণণার পর দ্বিতীয় দিন থেকে নিজের রাজনৈতিক জীবন তুলে ধরার উদ্দেশ্যে উপমহাদেশের মুসলিমদের রাজনৈতিক ইতিহাস বয়ান শুরু করেন তিনি।

এদিন জবানবন্দিতে অপ্রাসঙ্গিক বিষয়ে বলার কারণে প্রসিকিউটরদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সালাউদ্দিন কাদের ও তার আইনজীবীরা। বিতণ্ডার এক পর্যায়ে সালাউদ্দিন কাদেরকে বেশ কয়েকবার অশ্লীল শব্দ ব্যবহার করতে শোনা যায়।

সালাহউদ্দিন কাদের বলেন, বঙ্গবন্ধু তার আত্মজীবনী বইয়ের ৯ থেকে ১১ পৃষ্ঠার কোনো এক জায়গায় দাবি করেছেন তার বিরুদ্ধে সর্ব প্রথম রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাটি ছিল গোপালগঞ্জের একজন হিন্দু ভদ্রলোককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে।

এ সময় তার এই বক্তব্যের বিরোধিতা করেন প্রসিকউটর সুলতান মাহমুদ সীমন।

সালাউদ্দিন কাদের দাঁড়িয়ে বলেন, “আমি একজন অর্ধশিক্ষিত মানুষ। আপনাদের সামনে দাঁড়িয়েছি। একটা শব্দ বলেন যেটা আমি ভুল বলেছি। এগুলো বলা কী কবিরা গুনাহ না ছগিরা গুনাহ।”

তিনি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আমাদের জাতীয় ঐতিহ্য। বাংলাদেশের জন্য এটি একটি ইতিহাস। এ বইয়ের প্রদর্শন দরকার নেই।”

তবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে আসামি সালাহউদ্দিন কাদের চৌধুরী রেফারেন্স দিলে প্রসিকিউশন তাতে জোর আপত্তি জানায়।

তখন সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, “আমার পারসেপশন, আমার বিশ্বাস তো আমার জবানবন্দিতেই যাবে।”

এ সময় প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, এখানে ওনার (সালাহউদ্দিন কাদের চৌধুরী) বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে উনি বক্তব্য দেবেন। একাত্তরের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার উপরে উনি সাক্ষ্য দেবেন।

তিনি বলেন, “ট্রাইব্যুনালে ৩৩ বছর ধরে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসা বর্তমান সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিচার হচ্ছে না। বিচার হচ্ছে ৪২ বছর আগের সালাহউদ্দিন কাদের চৌধুরীর।”

মালুম বলেন, এ পর্যন্ত আসামি সালাহউদ্দিন কাদের চৌধুরী ট্রাইব্যুনালে যা বলেছেন তার কিছুই যাবে না। উনার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ওনাকে বলতে হবে। যদি তিনি তা না বলেন তাহলে তার বিরুদ্ধে আমাদেরকে অন্য ধরনের অনুমতি নিতে হবে।

এ সময় সাক্ষীর ডকে বসে থাকা সালাহউদ্দিন কাদের চৌধুরী দাড়িঁয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, “অন্য ধরনের অনুমতি বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন?”

বিচারপতি জাহাঙ্গীর হোসেন তখন সালাহউদ্দিন কাদের চৌধুরীকে থামিয়ে দিয়ে প্রসিকিউটর জেয়াদ আল মালুমকে বলেন, “অন্য ধরনের অনুমতিটা কি? আপনাদের যদি কোন আবেদন থাকে তাহলে ফাইল করুন। আমরা আপনার আবেদন দেখবো।”

এরপর সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, “ট্রাইব্যুনালকে আমাদের সামনে হুমকি দেয়া হয়েছে। আমার আইনজীবীরা এমন করলে আদালত অবমাননার অভিযোগ আনা হতো।”

এ সময় ট্রাইব্যুনাল বলেন, “আমরা বিচার করতে বসেছি। কারো হুমকির উপর নির্ভর করবো না। আমরা শপথ নিয়ে বসেছি। তবে চৌধুরী সাহেব, আমরা আপনাকে সুযোগ দিচ্ছি। আপনার জবানবন্দি আপনার অভিযোগের বিষয়ে কতটা সম্পর্কিত সেটাও আপনি দেখেন।”

এরপর ট্রাইব্যুনাল প্রসিকিউটর জেয়াদ আল মালুমকে বলেন, তিনি (সালাউদ্দিন কাদের) অভিযুক্ত। তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি খণ্ডন করবেনই। এ সুযোগ তাকে দিতে হবে।

প্রসিকিউশনের সদস্যরা অপ্রাসঙ্গিক বিষয়ে সময় ব্যয় করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললে সালাহউদ্দিন কাদের উত্তেজিত হয়ে বলেন, “টাইম ম্যানেজমেন্ট শিখাচ্ছেন। আজমী সাহেব (গোলাম আযমের ছেলে) এখানে কতদিন সাক্ষ্য দিয়েছেন? এক মাস ধরে তিনি এখানে জবানবন্দি দিয়েছেন।”

ট্রাইব্যুনাল এর জবাবে বলেন, এ কথা ঠিক না। তিনি ১১ সেশন জবানবন্দি দিয়েছেন।

পরে সালাহউদ্দিন বলেন, “তিনি তো আসামি ছিলেন না। দেড় বছরে আমার বিরুদ্ধে ৪১ জন সাক্ষী আনা হয়েছে। আর আমাকে একা সহ্য করতে পারছেন না।”

এরপর তিনি প্রসিকিউশনকে উদ্দেশ্য করে আঞ্চলিক ভাষায় বলেন, চার সিটি কর্পোরেশনে হেরেও শিক্ষা হয় নাই? তাকে সায় দিয়ে এক আইনজীবীও বলে ওঠেন- স্যার, তারা তো হোয়াইট ওয়াশ হয়েছে।

এদিকে জবানবন্দি চলাকালে ট্রাইব্যুনালে বসে থাকা একজন জ্যেষ্ঠ সাংবাদিককে বিভিন্ন তথ্য দিয়ে এবং শব্দচয়ন করে সালাউদ্দিনকে কাদেরকে সাহায্য করতে দেখা গেছে।
 

পুরনো খবর:

ইতিহাস বর্ণনায় দিন পার সালাউদ্দিন কাদেরের