সড়কে চাঁদাবাজি বন্ধে কঠিন সিদ্ধান্ত আসছে: কাদের
ঈদ ও রমজানের সময় যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি প্রতিরোধে ‘কঠিন সিদ্ধান্ত’ নেয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার যোগাযোগ মন্ত্রনালয়ে এক সভা শেষে মন্ত্রী বলেন, “ঈদ ও রমজান সামনে রেখে পরিবহন খাতে বরাবরই চাঁদাবাজরা সক্রিয় হয়, বিশৃঙ্খলা তৈরি হয় এবং কিছু কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করে।
“এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৫ জুন সড়ক উপদেষ্টা পরিষদের একটি সভা আয়োজন করা হয়েছে এবং সেখানে কিছু কঠিন সিদ্ধান্ত নেয়া হবে।”
বর্তমানে যে কোন সময়ের চেয়ে রাস্তাঘাটের অবস্থা ভাল রয়েছে দাবি করেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, যে সব জায়গায় সমস্যা রয়েছে তা ব্যবহারযোগ্য করা হচ্ছে এবং সংস্কার কাজে মোবাইল ইউনিট কাজ করে যাচ্ছে।
সম্প্রতি সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষন খাতে একশত ৩১ কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ে থেকে অতিরিক্ত বরাদ্দে এনে সড়ক ও জনপথ অধিদপ্তরকে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন প্রধান প্রধান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা শেষে মন্ত্রী জানান, চলতি বছর মে সাম পযন্ত বাস্তবায়ন আর্থিক অগ্রগতির হার ৭৯ দশমিক ৯৮ শতাংশ। গত অর্থ বছরে একই সময়ে এই হার ছিল প্রায় ৬৬ শতাংশ।
সড়ক বিভাগে মোট প্রকল্পের সংখ্যা ১৫৫টি জানিয়ে তিনি জানান, ২০১২-১৩ অর্থ বছরে ৩০টি প্রকল্প সমাপ্তির জন্য নির্ধারিত রয়েছে এবং ৩০ জুনের মধ্যে প্রকল্পগুলো সমাপ্ত করা সম্ভব হবে।
প্রসঙ্গ: পদ্মা সেতু
পদ্মায় দুর্নীতির বিষয়ে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্ব ব্যাংকের তদন্ত দল যোগাযোগ মন্ত্রণালয় বা সচিবের সঙ্গে কথা বলেনি, তারা কথা বলেছে অর্থমন্ত্রী, ইআরডি ও দুদকের সঙ্গে।”
“এ ব্যাপারে আমি অন্ধকারে ঢিল ছুড়তে পারি না।”
পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ তদন্ত পর্যবেক্ষণে গঠিত বিশ্ব ব্যাংকের তিন সদস্যের দল সৈয়দ আবুল হোসেনকে মামলায় আসামি না করায় প্রশ্ন তুলেছে।
এ প্রসঙ্গে ওবায়দুল কাদেরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এসব বিষয়ে আপনারা অর্থমন্ত্রীর সাথে কথা বলুন, বা দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে জবাব দিবে।”
পদ্মা সেতুর অর্থায়নের বিষয়ে মন্ত্রী বলেন, “দাতাদের অর্থায়নের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের বিষয়, অর্থ মন্ত্রণালয় টাকা দিবে, আমরা কাজ বাস্তবায়ন করব।”
বিশ্ব ব্যাংকের তদন্ত প্রতিবেদনে পদ্মা সেতু প্রকল্প কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না জানিয়ে কাদের বলেন, এ প্রকল্পে আগামী অর্থবছরে যে টাকা প্রয়োজন সে টাকা রয়েছে।
ঈদের পর প্রধানমন্ত্রী মূল সেতুসহ প্রকল্পের অন্যান্য নির্মাণকাজের উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
