চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৫
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।
বুধবার দুপুরে বজ্রপাতে সদর উপজেলার চান্দলাই গ্রামের সাজ্জাদ আলীর ছেলে মিকাইল (১৭), শিবতলা পণ্ডিতপাড়ার শরিফুল ইসলামের ছেলে ওমর আলী (১৮), আতাহার গ্রামের সাইফুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম (২০) ও শিবগঞ্জের চকনরেন্দ্র গ্রামের আসাবুল হকের ছেলে শামীম (২২), গোমস্তাফুর উপজেলার বাবুরঘন গ্রামের মুসলিম (৪০) মারা যায়।
হতাহতদের পরিবারের উদ্ধৃতি দিয়ে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সফিকুল ইসলাম জানান, দুপুর পৌনে ২টার দিকে হাল্কা বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে, মিকাইল, ওমর আলী, রিঙ্কু, রুলী বেগম ও টুকটুকি পার্শ্ববর্তী মীরের বাগানে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিকাইল ও ওমর আলীকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই সময় আতাহার গ্রামের জহুরুল ইসলাম শহরের নয়াগোলা থেকে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলেও জানান তিনি।
শিবগঞ্জের চককৃতি ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার-ই-আলম জানান, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সময় বজ্রপাতে চকনরেন্দ্র গ্রামে শামীম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গোমস্তাপুর উপজেলার রংপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আনসারি জানান, পাশের গ্রামে আমপাড়ার সময় বজ্রপাতে মুসলিম মারা গেছে।
