ফরিদপুরে ইউনিলিভারের পণ্য সরবরাহকারীর জরিমানা
ফরিদপুরের সালথা উপজেলায় নির্ধারিত প্যাকেটের চেয়ে কম পণ্য দেয়ার অভিযোগে ইউনিলিভার ব্রাদার্স কোম্পানির এক সরবরাহকারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেনের ভ্রাম্যমাণ আদালত পণ্য সরবরাহকারী মো. রুবেল মোল্লাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
রুবেল ফরিদপুর শহরের আলীপুর এলাকার আয়নাল মোল্লার ছেলে ।
ওই বাজারের ব্যবসায়ীরা জানান, ইউনিলিভার ব্রাদার্স কোম্পানির কাপড় কাচার ৪৫০ গ্রামের রিন ডিটারজেন্ট পাউডার ও ৫০০ গ্রামের হুইল গুড়া পাউডারের প্রতিটি বস্তায় ৬০ প্যাকেট করে বাজারজাত করার কথা। কিন্ত দীর্ঘদিন ধরে সরবরাহকৃত প্রতিটি বস্তায় ৫৪ প্যাকেট পাওয়া যাচ্ছে।
ব্যবসায়ীরা বিষয়টি ইউএনওকে জানান। দুপুরে ইউএনও বাজারে উপস্থিত হয়ে সরবরাহকারী রুবেল মোল্লার সরবরাহ করা বস্তা খুলে ৬০ প্যাকেটের পরিবর্তে ৫৪ প্যাকেট পান।
এ ঘটনায় রুবেল মোল্লাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও জানান, ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়েছে।
তবে রুবেলের দাবি, তারা কখনও বস্তা খুলে দেখেন না তার মধ্যে কত প্যাকেট আছে।
ঘটনার জন্য তিনি সংশ্লি¬¬ষ্ট কোম্পানির পরিবেশককে দায়ী করেন।
