২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ

গণতন্ত্রের বিকাশ, আইনের শাসন, লৈঙ্গিক সমতা ও বাক স্বাধীনতার মতো কমনওয়েলথের মৌলিক মূল্যবোধ ও নীতি মেনে চলার বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 01:39 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

মঙ্গলবার কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মার সঙ্গে বৈঠকে তিনি একথা জানান।

দশম কমনওয়েলথ নারী বিষয়ক মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ঢাকায় অবস্থানরত কমলেশ শর্মা দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, ঢাকায় নারী বিষয়ক মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠানে সহযোগিতার জন্য কমনওয়েলথ মহাসচিবকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন সুদৃঢ় করতে তার সরকারের নেয়া পদক্ষেপগুলো কমনওয়েলথ মহাসচিবকে জানান।

কমলেশ শর্মা গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী করা এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করে বলেন, এ সব ক্ষেত্রে বাংলাদেশের প্রতি কমনওয়েলথের সমর্থন অব্যহত থাকবে।

কমনওয়েলথ মহাসচিবের আগে তুরস্কের নতুন রাষ্ট্রদূত হুসেইন মুফতুগলু প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

প্রেসসচিব জানান, তুর্কি রাষ্ট্রদূতের বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সংস্কৃতি বিনিময় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়।