গার্ডিয়ানের প্রতিবেদনের প্রতিবাদ ইমরানের
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ওই প্রতিবেদনে একদিকে যেমন বাংলাদেশের গণতান্ত্রিক শাসনকাঠামোপ্রসূত নির্বাচন নিয়ে অমূলক প্রশ্ন তোলা হয়েছে, তেমনি লক্ষ তরুণের অহিংস আন্দোলনকে ‘সহিংসতা’হিসেবে উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের দিকে ইঙ্গিত করে আগামী নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে গণজাগরণ মঞ্চের আন্দোলনের কথাও এসেছে এবং বলা হয়েছে ইমরান বর্তমানে ‘আত্মগোপনে’ রয়েছেন।
মঞ্চের মুখপাত্র বলেন, “আমার অবস্থানকে ‘আত্মগোপন’বলে চালিয়ে দেয়া হয়েছে; যা ভিত্তিহীন, অমূলক ও অনভিপ্রেত।
মতিঝিলে বুধবার গণজাগরণ মঞ্চের সমাবেশে ইমরান এইচ সরকার।
ইমরান বলেন, গার্ডিয়ান একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করে গণমাধ্যম হিশেবে তাদের নেতিবাচক অবস্থান স্পষ্ট করেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘সো-কলড ট্রাইব্যুনাল’বলে যুক্তরাজ্যের লেবার পার্টির সমর্থক গার্ডিয়ান বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মানুষের চেতনাকে আঘাত দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গার্ডিয়ানের এই প্রতিবেদনকে যুদ্ধাপরাধের বিচার ব্যাহত করার আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ মনে করছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
“যে লক্ষ্য নিয়ে আন্দোলন শুরু হয়েছিলো, তা চলছে এবং চলবেই। যে কোনো জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে পায়ে দলে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাবো,” বলেন তিনি।
