শিবিরকর্মীর মোটরসাইকেল আটক, জয়পুরহাটে সড়ক অবরোধ
শিবিরকর্মীর নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় জয়পুরহাটে প্রায় তিনঘন্টা সড়ক অবরোধ করে রাখে জামায়াত-শিবিরকর্মীরা।
এ কারণে মঙ্গলবার সকাল থেকে জয়পুরহাট-পাহাড়পুর-নওগাঁয় চলাচলকারী সকল প্রকার যান চলাচল প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকে।
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানিয়েছেন, তেতুলতলী এলাকায় মঙ্গলবার সকাল ৯টা থেকে গাছ কেটে ও ইট ফেলে সড়ক অবরোধ করে রাখে জামায়াত-শিবির। ফলে ৩ ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
পরে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পালিয়ে যায়। পুলিশ সদস্যরা কাটা গাছ ও ইটের ব্যারিকেট সড়িয়ে ফেললে বেলা ১২টা থেকে ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি জানান, এজাহারভূক্ত পলাতক এক শিবিরকর্মীকে ধরতে না পেরে তার বাড়ির সামনে থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে জামায়াত-শিবির।
উপযুক্ত কাগজপত্র দেখাতে পারলে মোটরসাইকেলটি ফেরত দেওয়া হবে বলেও উল্লেখ করেন ওসি।
