২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেকট্রাম ধসে ক্ষতিপূরণের হিসাব চায় হাই কোর্ট

সাভারের স্পেকট্রাম সোয়েটার কারখানার আটতলা ভবন ধসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সংক্রান্ত হিসাব চেয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 02:03 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

বিচারপতি বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

প্রায় আট বছর পর এই রুলটি শুনানির জন্য আসে। তার মধ্যে সাভারের রানা প্লাজা ধসে সম্প্রতি মারা যান সহস্রাধিক শ্রমিক।

স্পেকট্রাম কারখানা ধসে ক্ষতিগ্রস্ত কাকে, কী পরিমাণ ক্ষতিপূরণ দেয়া হয়েছে, প্রতিবেদন আকারে তা দু্ই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

পাশাপাশি ধসে পড়া ওই ভবনের অনুমোদন ও নির্মাণ সংক্রান্ত যাবতীয় নথি দাখিলের নির্দেশও দিয়েছে আদালত।

আগামী ৯ জুলাই এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

২০০৫ সালে ১১ এপ্রিল সাভারের স্পেকট্রাম সোয়েটার কারখানা ভবন ধসে পড়ে ৬২ জন শ্রমিক নিহত হন।

ওই ঘটনার পর ভবন মালিককে গ্রেপ্তার হলেও পরে জামিনে বেরিয়ে আসেন তিনি।

ভবন ধসের পর মানবাধিকার সংগঠন অধিকার, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)সহ বিভিন্ন সংগঠন রিট আবেদন করে।

ওই আবেদনে হাই কোর্ট তখন রুলও জারি করে। তবে রুলের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

আদালতে রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার সারাহ হোসেন। স্পেকট্রামের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার সাইদ হোসাইনের পক্ষে ছিলেন আবদুল বাসেত মজুমদার ও সৈয়দ আহমেদ রাজা।