২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী পেপার মিলকে নোটিশ

বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা করায় কর্ণফুলী পেপার মিলকে (কেপিএম) নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 12:18 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

সোমবার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলমের নেতৃত্বে একটি দল কাপ্তাইয়ে অবস্থিত কারখানা পরিদর্শন শেষে এ নোটিশ দেয়।

পরিদর্শন দলের সিনিয়র কেমিস্ট জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার তরল বর্জ্য পরিশোধনের জন্য কোন ইটিপি নেই। প্রতিষ্ঠানের বর্জ্যে কর্ণফুলী নদীর পানি, মাটি ও বায়ু দূষিত হচ্ছে। 

“অপরিশোধিত বর্জ্যে প্রতিষ্ঠানসংশ্লিষ্ট এলাকার জীববৈচিত্র্যসহ মৎস্য ও জলজপ্রাণী হুমকির সম্মুখীন।”

জমির জানান, দূষণ নিয়ন্ত্রণে অধিদপ্তরের পক্ষ থেকে বারবার তাগাদা দেয়ার পরও ব্যবস্থা না নেয়ায় আগামী ২৩ জুন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালককে পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

একইসঙ্গে কারখানা কর্তৃপক্ষকে নদীর পার্শ্বে রাখা রাসায়নিকযুক্ত কঠিন বর্জ্য অবিলম্বে অপসারণের জন্য নির্দেশ দেয়া হয়।