২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছুরিকাঘাতে দোকানির মৃত্যু

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক দোকান কর্মচারী  নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 08:35 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

নিহত জসীম উদ্দিন (৪০) নগরীর বহদ্দার হাট বাস টার্মিনাল এলাকায় একটি দোকানের কর্মচারী বলে পুলিশ জানিয়েছে ।

রোববার গভীর রাতে নগরীর দামপাড়া মহিলা সমিতি (বাওয়া) স্কুলের সামনে তাকে ছুরিকাঘাত করা হয় বলে চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাতে কাজ শেষে জসীম বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকার দোকান থেকে সিএনজি অটোরিশা করে নিজের বাসার সামনে এসে নামেন। এ সময় দুই ছিনতাইকারী তার পথরোধ করে টাকা পয়সা নিতে চায়। তখন বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।

এরপর এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে রানা (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, রানা এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে বলেছে, মাদকের টাকা যোগাড় করতে তারা ছিনতাই করতে যান।   

জসীমের বুকে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন ছিল বলেও তিনি জানান।