খাগড়াছড়িতে আ. লীগ নেতাকে অপহরণ, প্রতিবাদে অবরোধ
খাগড়াছড়ির গুইমারা থানা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে অপহরণের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে দলটির নেতাকর্মী ও স্থানীয়রা।
এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল ৯টার দিকে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কের গুইমারা বাজার এলাকায় গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
আওয়ামী লীগ নেতাকে অপহরণের প্রতিবাদে নেতাকর্মীদের সঙ্গে স্থানীয়রাও কর্মসূচিতে অংশ নিয়েছে। তারই অংশ হিসেবে সকাল স্থানীয় বাজারের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। ছুটি ঘোষণ করা হয়েছে স্কুল ও মাদ্রাসায়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরীর নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশ থেকে বিকেল ৫টার মধ্যে জাহাঙ্গীর আলমের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছ।
অন্যথায় লাগাতার হরতালের ডাক দেয়ার হুমকি দিয়েছে তারা।
দুপুরে প্রশাসন ও সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের শান্ত করার চেষ্টা করেন।
জাহাঙ্গীর আলমের বড় ছেলে মো. আবু হানিফ বলেন, রোববার দুপুর ২টায় দিকে মাটিরাঙ্গা থেকে ফেরার পথে বাইল্যাছড়ি এলাকা থেকে মোটরসাইকেল চালক হারুনসহ তার বাবাকে অপরহণ করা হয়।
অপহরণকারীরা ফোন করে তাদের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানান তিনি।
গুইমারা থানার ওসি বশির আহাম্মদ বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি।
তবে গত রাত থেকেই তাকে উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালাচ্ছে।
সেনাবাহিনী গুইমারা অঞ্চলের জিটু আই মেজর আরাফাত বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বাইল্যাছড়িসহ আশপাশের এলাকায় অভিযান চলছে।
