২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বাধীনতার পর আড়াই লাখ নারী শ্রমিক বিদেশে’

স্বাধীনতার পর চার দশকের বেশি সময়ে আড়াই লাখের বেশি নারী শ্রমিক দেশের বাইরে গেছেন, যার অর্ধেকের বেশি গেছে বর্তমান সরকারের সময়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

গত ৪২ বছরে দুই লাখ ৫৭ হাজার ৮৮০ জন নারী শ্রমিকের মধ্যে এক লাখ ৩৪ হাজার ১৪৫ জনই মহাজোট সরকারের বিদেশে গেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

রোববার জাতীয় সংসদে তহুরা আলীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান খন্দকার মোশাররফ।

আমিনা আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ৯ জুন পর্যন্ত সরকারিভাবে মালয়শিয়ায় ১৯৮ জন শ্রমিক পাঠানো হয়েছে, যাদের সবাই বনায়ন খাতে কাজ করবেন।

প্রথম পর্যায়ে পাঠানো শ্রমিকদের মধ্যে মানিকগঞ্জ জেলার ৫৬ জন, গাজীপুরের ৩৭, ঢাকার ৩৬, নারায়ণগঞ্জের ২৯, কক্সবাজারের ২১ জন, কুমিল্লার ৯, ব্রাক্ষ্মণবাড়িয়ার ৪, চাঁদপুরের ৩ এবং চট্টগ্রামের ৩ জন রয়েছে।

পরবর্তীতে কয়েক ধাপে অন্য জেলাগুলো থেকেও শ্রমিক পাঠানো হবে বলে জানান তিনি।

বিএনপির সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন নিজানের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেন, আসন্ন রমজানে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সরবরাহ করবে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবি)।

দুই হাজার ৯৮৪ জন পরিবেশকের মাধ্যমে সারা দেশে চিনি, মশুর ডাল, ছোলা, সয়াবিন তেল ও খেজুর সরবরাহ করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।