মেয়র হতে চাই সবার: আরিফুল
দলমত নির্বিশেষে সিলেট নগরীর সবার মেয়র হয়ে কাজ করতে চান ১৮ দলীয় জোটের সমর্থন নিয়ে বিজয়ী আরিফুল হক চৌধুরী।
শনিবার রাতে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকল শ্রেণির মানুষের ভোটেই আমি নির্বাচিত হয়েছি। আমাকে নির্বাচিত করার জন্য নগরবাসীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।”
“আমি দলমত নির্বিশেষে সবার মেয়র হতে চাই। জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।”
এ নগরীতে প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে পরাজিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী।
টেলিভিশন প্রতীক নিয়ে আরিফ পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৩০ ভোট। আর ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭২ হাজার ১৭৩ ভোট।
আরিফুল হক চৌধুরী তার বিজয়কে রাজনৈতিক সহিংসতায় নিহতদের প্রতি উৎসর্গ করেছেন।
নগর ভবনকে রাজেনৈতিক প্রভাবমুক্ত রাখার অঙ্গীকার করে তিনি বলেন, “সবার সহযোগিতায় একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তোলাই হবে আমার প্রধান কাজ।”
নগরীর উন্নয়নে সদ্যবিদায়ী মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ সবার সঙ্গে আলোচনা ও তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই কাজ করাই প্রধান লক্ষ্য বলে জানান আরিফুল।
প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “তার হাত ধরেই আমার রাজনীতিতে আসা। সাইফুর রহমানের স্বপ্নের সিলেট বাস্তবায়ন করতে চাই।”
