গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ লিটনের, উত্তেজনা
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের ফলাফলকে গণমাধ্যম প্রভাবিত করছে বলে অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
শনিবার রাত ৯টার দিকে নগরীর লক্ষ্মীপুর যুবলীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিটন বলেন, “নির্বাচন কমিশন ফল ঘোষণার আগেই বিভিন্ন গণমাধ্যমে, বিশেষকরে টেলিভিশনে আগাম ফলাফল দেয়া হচ্ছে। এর মাধ্যমে ফলাফল প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তবে চূড়ান্ত ফল ঘোষণার পরই আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো।”
এ সময় তিনি বিভিন্ন কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন।
এদিকে ওই সংবাদ সম্মেলনের পর ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ও লিটনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দুইপক্ষই রাজশাহী গভ. ল্যাবরেটরি হাইস্কুলের মিলনায়তনে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের আশেপাশে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহীতে এগিয়ে আছেন বুলবুল। মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ২৪ হাজার ৮৬৯ ভোট; এএইচএম খায়রুজ্জামান লিটন ১৬ হাজার ৯৭৩ ভোট।
রাজশাহী সিটি কর্পোরেশনে মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন। এর মধ্যে নারী ১ লাখ ৪৩ হাজার ৫২২ এবং পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৩৯৫ জন।
১৯৮৭ সালের ১ অগাস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হয়। এ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে এবার ইভিএমে ভোট হয়েছে।
