ছয় ‘দস্যু’ হত্যার ঘটনায় মামলা, আসামি ৩০০০
নোয়াখালীর সুবর্ণচরে গণপিটুনিতে ছয় ‘জলদস্যু’ নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাত পরিচয় তিন হাজার লোককে আসামি করে চরজব্বার থানায় হত্যা মামলা করেছে পুলিশ।
এর মধ্যে ৬ জনকে পিটিয়ে হত্যার অভিযোগে চর লঙ্গলিয়া ও আশপাশের এলাকার অজ্ঞাতপরিচয় প্রায় তিন হাজার জনতাকে আসামি করা হয়েছে।
আর অস্ত্র আইনে দায়ের করা অপর মামলায় নিহত, আহত, আটক ও পলাতক মিলিয়ে মোট ২১ জন জলদস্যুকে আসামি করেছে পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান জানান, শনিবার দুপুরে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ময়নাতদন্তের পর নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর অথবা আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, নিহত, আহত ও আটক জলদস্যুদের প্রত্যেকেই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। ওই দস্যু বাহিনীর আস্তানার সন্ধান ও অস্ত্র উদ্ধারে উপকূলীয় চরে অভিযান চালাবে পুলিশ।
সুবর্ণচর উপজেলার সেলিম বাজারের কাছে বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজন চরক্লার্ক ইউনিয়নের চর লঙ্গলিয়া ও আশপাশের বিভিন্ন চরের কয়েকজন জলদস্যুকে আটকের পর পিটুনি দেয়। এতে ছয় ‘জলদস্যু’ নিহত হন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি রাইফেল, একটি পাইপগান, ছয়টি রামদা, ২২ রাউন্ড গুলি ও নদীতে চাঁদা তোলার কাজে ব্যবহৃত শতাধিক ‘টোকেন’ উদ্ধার করে।
