২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফল উল্টাপাল্টা হলে প্রতিরোধ: বিএনপি

সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন ও সরকারের ভূমিকাকে ‘পক্ষপাতদুষ্ট’ বললেও ফল দেখে প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 01:37 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

শনিবার চার নগরীতে ভোটগ্রহণ শেষ হওয়ার পর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “ক্ষমতাসীনরা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পাল্টানোর চেষ্টা করছে। আমরা আশাবাদী থাকলেও সরকার ও নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করেছে।”

বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “ফলাফল ঘোষণার পর আমরা প্রতিক্রিয়া জানাবো। এখনি আগাম কিছু বলতে চাই না।”

নির্বাচনের ফল পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে সরকারকে হুঁশিয়ার করে মির্জা আব্বাস বলেন, “ফলাফল উল্টা-পাল্টা হলে প্রতিরোধ গড়ে তুলবো।”

রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনে বিএনপির চার নেতা মেয়র পদে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে।

নির্বাচনে বড় ধরনের গোলযোগ না হলেও বিএনপি সকাল থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ করে আসছে। নির্বাচন কমিশনে অভিযোগও করেছে তারা।

মির্জা আব্বাস বলেন, বরিশালে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী ১৮ দলীয় জোটের প্রার্থীকে যেভাবে লাঞ্ছিত করেছে তার নজিরবিহীন।

মির্জা আব্বাসের আগে সকাল থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু কয়েকদফা সংবাদ সম্মেলনে করেন।

দুপুরে বরকত উল্লাহ বুলু ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানি নির্বাচন কমিশনে গিয়ে বিভিন্ন অনিয়ম নিয়ে তাদের অভিযোগ জানায়। তবে ইসি বলছে, তারা কোনো বড় অনিয়ম পায়নি।

চার সিটি করপোরেশন নির্বাচনে ভোটাধিকারের বাঁধা দিয়ে সরকার জনগনের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

‘ভোটকেন্দ্র দখল হয়েছে’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকালে এক অনুষ্ঠানে বলেন, “আমাদের কাছে যেসব খবরাখবর এসেছে, তাতে শাসকগোষ্ঠি বিভিন্ন ভোটকেন্দ্র দখল করেছে। তারা ভোটারদের ওপর চাপ সৃষ্টি করে ফলাফল নিজেদের দিকে নেয়ার চেষ্টা করেছে।”

বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থা ভবনে বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ‘আমরা কজন’ নামে একটি সংগঠনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ফখরুল বলেন, “সরকার আজ গণতন্ত্রের গলা চেপে ধরেছে। তারা মানুষের কণ্ঠ রোধ করছে। শাসকরা মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না।”

নির্দলীয় সরকারের দাবি আবার তুলে ধরে তিনি বলেন, “ক্ষমতাসীনদের একদলীয় মনোভাবের কারণে আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। আমরা মনে করি, দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারবে না।”