ভোটচুরি হলে আন্দোলন: বুলবুল
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শেষের পৌনে এক ঘণ্টা পর সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল দাবি করেছেন, নির্বাচনের ফল পাল্টে ফেলা না হলে তিনিই জয়ী হবে।
শনিবার বিকাল পৌনে ৫টায় রাজশাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুল মাঠে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
বুলবুল বলেন, “সরকার যদি ভোট চুরি করে তবে আন্দোলন হবে। এখনো সময় আছে সুষ্ঠু ও নিরপেক্ষ ফল জনগণের সামনে উপস্থাপন করুন। আমরা অবশ্যই জয়লাভ করব বলে মনে করছি।”
এই স্কুল মাঠেই নির্বাচন কমিশন অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে, এখান থেকেই ফল ঘোষণা করা হবে।
বুলবুল অভিযোগ করেন, “কালো টাকা ছড়ানো, পেশীশক্তি ব্যবহার ও প্রশাসন যন্ত্রকে করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। প্রধানমন্ত্রীর ১৩ জুন রাজশাহী সফর করে কি বলেছেন তা জানি না। প্রধানমন্ত্রীর এই সফরের পরে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করা হয়েছে কি না তাও দেখার বিষয়।”
তবে ভোট সুন্দর হয়েছে বলে মন্তব্য করেন বুলবুল।
বিএনপি সমর্থিত এই প্রার্থী বলেন, “আমি চাই প্রতিটি সেন্টারে এজেন্টদের সঠিক ফল বুঝিয়ে দেয়া হোক।”
নিজের অনেক নেতাকর্মী ও সমর্থকদের গ্রেপ্তারের কথা দাবি করলেও তাদের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
একই সংবাদ সম্মেলনে মিজানুর রহমান মিনুও দাবি করেন, সর্বোচ্চ পার্থক্য গড়ে বুলবুল মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন।
তিনি বলেন, “রাজশাহী বিএনপির দূর্গ, সোনার ছেলে বুলবুলকে পুরো রাজশাহীবাসী সমর্থন দিয়েছে। গত মেয়র নির্বাচনে তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদের হস্তক্ষেপে বুলবুলকে হারতে হয়েছিল।”
“আমার ছোট ভাই লিটনকে মানুষ বিভিন্ন নামে দূষিত করে। আমি আজ আর সেগুলো বলতে চাই না। গত নির্বাচনের আগে লিটনের বাসায় সেনাপ্রধান দাওয়াত খাওয়ার পরেই বুঝতে পেরেছিলাম বুলবুল হেরে যাবে।”
রাজশাহীতে নিজেদের সংগঠনিক অবস্থান তুলে ধরে মিনু বলেন, “রাজশাহীর স্বার্থের ব্যাপারে আমরা এক হয়েছি। আশা করছি আমাদের গর্ব, সোনার ছেলে, সবার প্রিয়, যিনি পৌত্রিক পরিচয়ে নয়, নিজের রাজনৈতিক পরিচয়ে পরিচিত তিনি সর্বোচ্চ পার্থক্যের ভিত্তিকে মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন।”
এ নগরীতে মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন। এর মধ্যে নারী ১ লাখ ৪৩ হাজার ৫২২ এবং পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৩৯৫ জন।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন। এর মধ্যে ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর শাখার সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রতীক তালা।
১৮ দলীয় জোটের সমর্থনে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবদলের আহবায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল; তার প্রতীক আনারস।
আর সাবেক জামায়াত কর্মী হাবিবুর রহমান লড়ছেন চশমা প্রতীক নিয়ে।
১৯৮৭ সালের ১ অগাস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হয়। এ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ২০টি ভোটকক্ষে এবার ইভিএমে ভোট হয়েছে।
