২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ‘অনিয়মের’ অভিযোগ আরিফের

জাল ভোট ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করে ১৮ দল সমর্থিত সিলেটের সম্মিলিত নাগরিক জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরী দাবি করেছেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 11:26 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শুক্রবার দুপুরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করে তিনি বলেন, “সিলেটে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। সরকারি দলের ক্যাডাররা নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে। এটা সমাধানে প্রশাসনও উদ্যোগ নিচ্ছে না।”

“বিভিন্ন জায়গায় জাল ভোট দেয়া হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এছাড়া ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।”

এর আগে ওই কেন্দ্রের সামনে কামরান সমর্থকদের সঙ্গে আরিফ সমর্থকদের হট্টগোল হলে র‌্যাব পুলিশ উভয়পক্ষকে সরিয়ে দেয়।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবদুল ওয়াহাব সাংবাদিকদের বলেন, দুপুরে আরিফ সমর্থিত এক নারী ভোট কেন্দ্রের বাইরে চিত্কার চেচামেচি করে বলতে থাকেন, কামরানের স্ত্রী আসমা কামরান ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এরপর কামরানের এজেন্ট আবুল কালামের সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয়। এরপর পুলিশ-র‌্যাব তাদেরকে বের করে দেয়।”

এদিকে নির্বাচনে অনিয়মের খবর জানতে ‘সেল’ গঠন করেছে ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

আরিফুলের প্রধান নির্বাচনী সচিব এবং সিলেট সম্মিলিত নাগরিক জোটের সদস্য সচিব আবুল কাহের শামীম সেল গঠনের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, “সারা সিটি কর্পোরেশনে অনিয়মের খবর সংগ্রহ করছি। অনিয়মের নানা খবর আসছে।”

এই সেলের সদস্য আলী আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কামরানের স্ত্রী আসমা কামরান এবং ভাই ইসমত সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রের ভিতরে বসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। পরে আমদের আপত্তির মুখে এক পর্যায়ে তাদেরকে বের করে দেয়া হয়।”

“৪নং ওয়ার্ডে আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের একজন ভোটারকে ভোটদানের সুযোগ না দিয়েই হাতে কালি দিয়ে বের করে দিয়েছিলো। আমাদের এজেন্টদের প্রতিরোধ ও আপত্তির মুখে শেষ পর্যন্ত তাকে ভোট দিতে দেয়া হয়।”

“মহিলা এমপি জেবুন্নেসা হকও ২ নম্বর ওয়ার্ডের রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এসে বলেছিলেন। তাকে সরাতে আমাদের দীর্ঘ সময় লেগেছে।”

তবে এ সব অভিযোগের বিষয়ে কামরারে প্রধান নির্বাচনী এজেন্ট ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক বলেন, “আমাদের তরফ থেকে কোনো কারচুপি হয়নি। তবে ওরাই কারচুপির চেষ্টা করে থাকতে পারে।”