২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুপুর পর্যন্ত ৪০ শতাংশ ভোটগ্রহণ

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রথম চার ঘণ্টায় ৪০ শতাংশের বেশি ভোট পড়েছে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 07:35 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শনিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টা পর্যন্ত ৪০ শতাংশের মতো ভোট পড়েছে।

এখন পর্যন্ত নারী ভোটারের উপস্থিতি বেশি বলেও জানান তিনি।

রিটার্নিং কর্মকর্তা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সাধারণত ৮০ শতাংশের বেশি ভোট পড়ে। এই সিটি কর্পোরেশন নির্বাচনে তার চেয়ে বেশি ভোট পড়বে বলে ধারণা করা হচ্ছে।

সকাল থেকে রাজশাহী মহানগরীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি বেশি লক্ষ করা যায়।

রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে সকাল ৯টার দিকে ভোট দেন সোমা রাণী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঝামেলা এড়াতে বাচ্চাকে সঙ্গে নিয়ে সকালেই চলে এসেছি।”

স্বামী রতণ সরকার দুপুরের পর ভোট দেবেন বলে জানান তিনি।  

সকাল ৮টা থেকে রাজশাহীর ১৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। রাজশাহীর দুই লাখ ৮৬ হাজার ৯১৭ জন ভোটার আগামী পাঁচ বছরের জন্য নতুন মেয়র ও কাউন্সিলরদের বেছে নেবেন।

ভোটারদের মধ্যে এক লাখ ৪৩ হাজার ৩৯৫ জন পুরুষ এবং এক লাখ ৪৩ হাজার ৫২২ জন নারী।

মেয়র পদে তিন জন, সাধারণ ওয়ার্ডে ১৫৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক লিটন তালা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবদলের আহ্বায়ক বুলবুল আনারস প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (চশমা) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

তবে লিটন ও বুলবুলের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।