স্কুলছাত্রী ধর্ষণ: পুলিশের শাস্তির দাবিতে থানা ঘেরাও
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশের এসআই জাহিদুল ইসলামের শাস্তির দাবিতে থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে প্রায় সাড়ে ১২শ’ ছাত্র-ছাত্রী মিছিলসহ সিরাজদিখান থানা ঘেরাও করে। এ সময় তারা থানায় ভাঙচুরেরও চেষ্টা চালায়।
পরে শিক্ষার্থীরা ওসির মাধ্যমে পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি দেয়।
সিরাজদিখান থানার ওসি আবুল বাসার বলেন, পরিস্থিতি এখন শান্ত।
তিনি বলেন, অভিযুক্ত দারোগা যদি দোষী প্রমাণিত হন তাহলে অবশ্যই তার উপযুক্ত বিচার হবে। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।
ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এসআই জাহিদুলকে শুক্রবার সাময়িকভাবে বরখাস্তের পরপরই গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, এসআই জাহিদুল মেয়েটির বাড়িতে ভাড়া থাকেন।
মেয়েটির বাবা-মা বাড়ি না থাকায় গত শনিবার (৮ জুন) রাতে সে জাহিদুলের ঘরে তার মেয়ের সঙ্গে ঘুমিয়েছিল। রাতে পিস্তলের ভয় দেখিয়ে তিনি মেয়েটিকে পাশবিক নির্যাতন করে কাউকে কিছু বলতে নিষেধ করেন।
এ ঘটনা জানাজানি হয় শুক্রবার। ওইদিনই তার বাবা সিরাজদিখান থানায় এসআই জাহিদুলের বিরুদ্ধে মামলা করেন।
