৪ ঘণ্টায় ৩০ শতাংশ ভোট সিলেটে
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম চার ঘণ্টায় ৩০ শতাংশের মত ভোট পড়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রাশেদুল ইসলাম।
শনিবার বেলা ১২টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, “প্রতিটি কেন্দ্রে মানুষ বিপুল উৎসাহে ভোট দিচ্ছেন। এক কথায় বলা যায়, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে।”
“বেলা ১২টা পর্যন্ত ৩০ শতাংশের মত ভোট পড়ছে।”
এবারের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, যার মধ্যে তিনটিতে ইভিএম এবং ১২৫টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।
ইভিএমের তিন কেন্দ্রে কোনো লাইন না থাকলেও বাকিগুলোতে লাইন ধরে মানুষ ভোট দিচ্ছেন। এর মধ্যে কোনো কোনো কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনও দেখা যায়।
এ পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট শেষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
তবে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রাশেদুল বলেন, বিকাল ৪টার পরে যদি কোনো কেন্দ্রে অপেক্ষমাণ ভোটার থাকে তাহলে তখনো তার ভোট নেয়া হবে। কেন্দ্রে এসে ভোট না দিয়ে কাউকে ফিরে যেতে হবে না।
সকাল ৮টা থেকে ভোট শুরু হলেও আগে থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করা যায়। প্রায় তিন ঘণ্টা ধরে ভোটগ্রহণ চলছে, এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সিলেটে মোট ভোটার ২ লাখ ৯১ হাজার ৪৬ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩৩ হাজার ৮৬৫ এবং পুরুষ ১ লাখ ৫৭ হাজার ১৮১ জন।
প্রথম ঘণ্টায়ই ভোট দিয়েছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত বদরউদ্দিন আহমদ কামরান এবং বিরোধী দল সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
নির্বাচনে জয়ের প্রত্যাশা করলেও জনগণের যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানিয়েছেন কামরান।
আর আরিফুলের অভিযোগ, তার বিজয় ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র চলছে।
সকাল ৯টায় সিলেটের কালীঘাট এলাকার সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিদায়ী মেয়র কামরান।
এরপর সাংবাদিকদের তিনি বলেন, “সিলেটের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক। তাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে আমি সবসময় তাদের পাশে থেকেছি, থাকার চেষ্টা করেছি। সেই সুবাদে আমি আমার বিজয়ে আশাবাদী।”
ফল যা-ই হোক তা মেনে নেবেন জানিয়ে প্রায় দুই দশক ধরে মেয়রের দায়িত্ব পালন করে আসা এই আওয়ামী লীগ নেতা বলেন, “আমি জনগণের রায়ের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। নির্বাচনের ফল যাই হোক না কেন, আমি মাথা পেতে নেবো,”
নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে কামরান বলেন, “সিলেটের মানুষ শান্তিপ্রিয়। এ পর্যন্ত সিলেটে যতগুলো নির্বাচন হয়েছে, কোনেটিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আশা করি, এবারো তার ব্যতিক্রম হবে না।”
তিনি দাবি করেন, সকাল থেকে তিনি যতগুলো কেন্দ্রে গেছেন, সবগুলোতে শান্তিপূর্ণ ভোট চলতে দেখেছেন।
অন্যদিকে, সকাল ৮টায় ভোট শুরুর আধা ঘণ্টা পর নগরীর রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আরিফুল হক চৌধুরী।
জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও তা ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র ক্রিয়াশীল বলে অভিযোগ করেন তিনি।
সাবেক এই ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিকদের বলেন, “আমার বিজয়কে ছিনিয়ে নেয়ার জন্য ষড়যন্ত্র- চক্রান্ত চলছে।”
তবে জনগণ ভোটের মাধ্যমে ওই সব চক্রান্তের জবাব দেবে বলে মনে করেন তিনি।
জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, “আমি আশা করছি, ভোট যদি শান্তিপূর্ণভাবে হয় তাহলে বিজয়ী হবো।”
ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।
ষড়যন্ত্রের আশঙ্কা নাকচ করে তিনি বলেন, “কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।ঘটবেও না। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের প্রস্তুতি রয়েছে।”
মেয়র পদে বাকি প্রার্থী ব্যবসায়ী সালাহ উদ্দিন রিমনের প্রতীক তালা।
সাধারণ ওয়ার্ডে ১৩৯ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৩৫ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
