গুলিতে জনসংহতি সমিতিকর্মী নিহত
রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস-সন্তু লারমা) এক কর্মী সাবেক শান্তিবাহিনী সদস্য নিহত হয়েছেন।
শনিবার সকালে লংগদু উপজেলা সদরের কাঠালতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে করুন চাকমা (৪০) নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
হত্যাকাণ্ডের জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সংস্কারপন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস) দায়ী করছে সংগঠনটি।
তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।
লংগদু থানার ওসি রিজাউল হক জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে করুন চাকমা দোকান থেকে মোবাইল ফোনে টাকা রিচার্জ করে বাড়ি ফিরছিলেন।
এ সময় সামরিক বাহিনীর পোশাক পরা ৪/৫ জন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়।
এতে করুন চাকমা পেটে ও পায়ে গুলিবিদ্ধ হন। লংগদু সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়, বলেন ওসি।
লাশ সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এলাকায় পুলিশের পাশাপাশি সেনা টহল জোরদার করা হয়েছে বলেও ওসি জানান।
সন্তু লারমার নেত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা এ হত্যাকান্ডের জন্য দুই সংগঠনকে দায়ী করে দোষীদের গ্রেপ্তারের দাবি করেছেন।
করুন চাকমা শান্তি বাহিনীর সদস্য ছিলেন বলে সজীব চাকমা নিশ্চিত করেন।
ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, লংগদু এলাকায় তদের সংগঠনের কোনো তৎপরতা নেই।
এদিকে, সংস্কারপন্থী জনসংহতি সমিতির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকেই পাওয়া যায়নি।
