চারমাস পর পাওয়া গেলে আরো ফেনসিডিল
চার মাস আগে আটক একটি কাভার্ড ভ্যান থেকে আরো দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার সন্ধ্যায় দর্শনা কাস্টমস প্রাঙ্গণে রাখা একটি ভ্যানে দ্বিতীয়বার এ তল্লাশি চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি এই ভ্যানটি আটকের সময় তা থেকে এক হাজার ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছিল।
বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্যান্ট কর্নেল গাজী আসাদুজ্জামান জানান, গত ২১ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার জীবননগরের উথলী-মৃগমারি সড়ক থেকে কাভার্ড ভ্যানটি আটক করে জগন্নাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা।
ওই সময় সাংবাদিকের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে এ ভ্যান থেকে ১৩শ’ ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এরপর ভ্যানটি দর্শনা কাস্টমসে জমা দেয়া হয়।
বিজিবি কর্মকর্তা আরো বলেন, শুক্রবার গোপন সংবাদে জানা যায় এ ভ্যানে আরো দেড়হাজার বোতল ফেন্সিডিল আছে। তাই আবারো তল্লাশি চালানো হয়।
গাজী আসাদুজ্জামান আরো জানান, চোরাচালানি মালামাল বহনের জন্যই কাভার্ড ভ্যানটি বিশেষ পদ্ধতিতে তৈরি। আটকের সময় চালকের পেছনের পার্টিশনের ভেতরে ফেনসিডিল পাওয়া গিয়েছিল। এবার পাওয়া গেছে পাটাতনের নিচে।
