নোয়াখালীতে পিটিয়ে হত্যা: আসামি তিন হাজার
নোয়াখালীতে জলদস্যু সন্দেহে ছয় ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ।
শুক্রবার রাতে চরজব্বার থানায় মামলা দুটি দায়ের করেন উপ-পরিদর্শক আবদুল বাতেন।
শুক্রবার দুপুরে জলদস্যু সন্দেহে ছয় ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সুবর্ণচর ও হাতিয়ার চরাঞ্চলের লোকজন।
চরজব্বার থানার ওসি মোশারফ হোসেন তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যা মামলায় চর লঙ্গলিয়া ও আশপাশ এলাকার অজ্ঞাত পরিচয় দুই থেকে তিন হাজার জনতাকে আসামি করা হয়েছে।
অন্যদিকে ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় নিহত, আহত, আটক ও পলাতক মিলিয়ে মোট ২১ ‘জলদস্যুকে’ আসামি করা হয়েছে, বলেন ওসি।
তিনি জানান, নিহত ছয় জলদস্যুর লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুবর্ণচর উপজেলার সেলিমবাজারের কাছে বৃহস্পতিবার রাতে একদল জলদস্যু আসার খবর পেয়ে স্থানীয়রা এলাকা ঘেরাও করে রাখে।
শুক্রবার দুপুরে দস্যুরা পালিয়ে সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন চরে পালানোর চেষ্টা করে।
এরপর লোকজন সংগঠিত হয়ে বিভিন্ন স্থান থেকে খুঁজে খুঁজে ১০ জনকে ধরে পিটুনি দেয়। এতে তিনজন ঘটনাস্থলে এবং তিনজন হাসপাতালে মারা যান। আহত হন চারজন।
ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ফাইফেল, একটি পাইপগান, ছয়টি রাম দা, ২২ রাউন্ড গুলি ও নদীতে চাঁদা তোলার কাজে ব্যবহৃত শতাধিক টোকেন উদ্ধার করেছে।
