২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় কামালের

ভোটগ্রহণের শুরুতে নিজের ভোট দিয়ে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বরিশালে বিরোধী দল সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল।

নিজস্ব প্রতিবেদক

বরিশাল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 04:09 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

শনিবার সকাল সোয়া ৯টায় ১৫ নম্বর ওয়ার্ডের বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দেন তিনি।

তার প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দল সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন সকাল ৮টা ২০ মিনিটে নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিয়ে নিজের জয়ের আশাবাদ প্রকাশ করেন।

ভোট দিয়ে বেরিয়ে বিএনপি নেতা কামাল সাংবাদিকদের বলেন, “প্রথম দেড় ঘণ্টা যেভাবে ভোট গ্রহণ চলেছে, সেভাবেই চললে আমার জয় নিশ্চিত। তবে দুপুরের পর কী ঘটবে, তা বলতে পারছি না।”

ফলাফল মেনে নেবেন কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন না হলে সেটা মেনে নেবো না।”

১৩ নম্বর ওয়ার্ডের ভাটিকানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছু ‘ঝামেলা’ হয়েছে বলে অভিযোগ করেন কামাল।

তবে কী ধরনের ঝামেলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি এই মেয়র প্রার্থী।

বরিশালে নির্বাচনের তিন দিন আগে পুলিশের সঙ্গে সংঘর্ষে কামালের এক সমর্থক গুলিবিদ্ধ হন।

নির্বাচনে ১৮ দলীয় জোটের সমর্থনে জেলা বিএনপির সাবেক সভাপতি কামাল লড়ছেন আনারস প্রতীক নিয়ে। বিদায়ী সেময় আওয়ামী লীগ নেতা হিরনের প্রতীক টেলিভিশন।

মেয়র পদে বাকি প্রার্থী মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন দোয়াত-কলম প্রতীক নিয়ে লড়ছেন।

বরিশালে মোট ভোটার ২ লাখ ১১ হাজার ২৫৭ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩ হাজার ৬৩২ এবং পুরুষ ১ লাখ ১১ হাজার ২৫৭ জন।

১০টি সংরক্ষিত এবং ৩০টি সাধারণ ওয়ার্ডে ভোট কেন্দ্র ১০০টি, ভোটকক্ষ ৬১৪টি।

সাধারণ ওয়ার্ডে ১৬৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।