রানা প্লাজার সামনে স্বজনদের সমাবেশ
নিখোঁজের লাশ, ক্ষতিপূরণ ও ভবনধসের স্থানে শহীদ বেদি নির্মাণের দাবিতে সমাবেশ করেছেন রানা প্লাজা ধসে আহত, নিহত ও নিখোঁজদের স্বজনরা।
শুক্রবার ‘শহীদ বেদি নির্মাণ কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কমিটির সমন্বয়কারী আশিশ কুড়াইয়ার নেতৃত্বে ধসেপড়া রানা প্লাজার সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত স্বজনরা।
এ সময় আগামী ২ অগাস্ট রানা প্লাজার জায়গায় স্থায়ী শহীদ বেদি স্থাপন করা হবে বলে ঘোষণা দেন আশিশ কুড়াইয়া।
রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের সাহায্যে এগিয়ে এসেছে ওলামা কাউন্সিল অব ইতালি ও ইতালি প্রবাসী বাঙালিরা।
এ দুটি সংগঠন শুক্রবার সাভারের এনাম মেডিকেল কলেজ এবং সিআরপিতে চিকিৎসাধীন গুরুতর আহত শ্রমিকদের পরিবারের সদস্যদের মধ্যে ১৫ লাখ টাকা বিতরণ করে।
২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার ১৩০ জন মারা যান। এদের বেশিরভাগই ছিলেন পোশাক শ্রমিক।
