২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মালয়েশিয়া যেতে টেকনাফ’, আটক ৯

টেকনাফ হয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার অভিযোগে নয় ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 11:43 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শুক্রবার কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া চেকপোস্টে তাদের আটক করা হয়।

এদের বাড়ি যশোর ও সাতক্ষীকার বিভিন্ন এলাকায় বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।

বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এ নয়জনকে আটক করা হয়।

তিনি বলেন, তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে এসেছে। তারা গুড়, চিড়া ও ঔষধ নিয়ে এসেছে।

এ ঘটনায় নয়জনসহ দুই দালালকে আসামি করে টেকনাফ থানায় মানব পাচারের একটি মামলা করা হয়েছে।

দুই দালাল যশোরের ঝিগরগাছার আরশাদ আলীর ছেলে মনজুর (৩৫) ও সাতক্ষীরার কলারোয়ার লোকমানের ছেলে মো. আমানকে (৪০) মামলায় পলাতক দেখানো হয়েছে।

আটক নয়জন হলেন ঝিগরগাছা উপজেলার মোহাম্মদ আলীর ছেলে জহুরুল ইসলাম (২৭), লুৎফর রহমান বিশ্বাসের ছেলে মো. আবু সায়েদ (২৫), আবদুল মালেকের ছেলে মনছুর আলী (২৭), রবিউল ইসলামের ছেলে তবিবার রহমান (৩২), মো. আবদুল মালেকের ছেলে মো. তাজুল ইসলাম (১৯), প্রয়াত সমশের আলীর ছেলে মো. শিপুল হোসেন (৩০), মো. আজিজুর রহমানের ছেলে মো. তরিকুল ইসলাম (৩০)।

অপর দুজন হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার মো. খালেদ সরদারের ছেলে মো. সেকান্দার আলী (২৫) ও মো. তাইজুল বিশ্বাসের ছেলে আবদুর রহিম (২৮)।