জুমায় ‘গণসংযোগ’ কামরান-আরিফের
বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রচার-প্রচারণা বন্ধ হলেও নিয়ম ভেঙে শুক্রবার জুমার নামাজে ‘গণসংযোগ’ করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা দুই মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরী।
এ সময় তারা ভোট ও দোয়া চেয়ে ভোটারদের সঙ্গে হাত মেলান, কোলাকুলি করেন এবং সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চালি বন্দরের বাসা থেকে জুমার নাসাজ পড়তে বের হন মহাজোটের মেয়র প্রাথী কামরান।
বেলা ১২টা ৫৫ মিনিটে নিজের প্রধান নির্বাচনি কার্যালয়ের সামনে আসেন তিনি। এ সময় তিনি গাড়ির গতি কমিয়ে ছুটে আসা কয়েকজনের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন।
তারপর গাড়ি ছুটে চলে শেখ ঘাট জামে মসজিদের দিকে, যেখানে কামরান আগে থেকে নামাজ পড়বেন বলে ঠিক করেছিলেন। সোয়া ১টার দিকে গাড়ি থেকে নেমে মানুষের সঙ্গে হাত মিলিয়ে, সালাম ও কোলাকুলি করতে করতে প্রবেশ করেন মসজিদে।
দোয়ার আগে মসজিদ কমিটির সভাপতি বলেন, আজ আমাদের সঙ্গে নামাজ আদায় করলেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। গত সপ্তাহে এখানে নামাজ আদায় করেছেন আরিফুল হক চৌধুরী। আগামীকালের নির্বাচনে আপনারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান সভাপতি।
কামরান নামাজ শেষ করে বের হওয়ার সময় মসজিদের সামনে দুই সারিতে বিপুল পরিমাণ মানুষ দাঁড়িয়ে যান। কামরানকে দেখতে মসজিদের ২য় ও ৩য় তলার বারান্দায়ও ভীড় করেন মুসল্লিরা।
মসজিদ থেকে বের হয়েই দুই সারিতে দাঁড়ানো মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কামরান।
এরপর মসজিদের প্রধান ফটকে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আবারো আশাবাদ প্রকাশ করেন নিজের জয়ের ব্যাপারে।
তিনি বলেন, সিলেটকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসী বিগত দিনের মতো আবারো তাকে নির্বাচিত করবেন।
তবে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে প্রশ্ন করলে তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।
এ সময় তিনি অভিযোগ করেন, “সুজন (সুশাসনের জন্য নাগরিক) একজন প্রার্থীর পক্ষে কাজ করছে।”
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর মসজিদের বাইরের রাস্তায় আরো মিনিট দশেক মানুষের সঙ্গে কথা বলে, কুশল বিনিময় করে সাদা রঙের জিপে উঠে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন কামরান।
অন্যদিকে নগরীর কুমারপাড়া জামে মসজিদে জুমার নামাজ পড়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী। সাড়ে বারোটার দিকে কুমারপাড়ার বাসা থেকে মসজিদে যেতে বের হন আরিফ। পথে পথে এলাকার মুরুব্বি-ভোটারদের দেখা মাত্রই জড়িয়ে ধরে দোয়া চাচ্ছিলেন তিনি।
মসজিদে প্রবেশের সময় আশপাশের মানুষের সঙ্গে কোলাকুলি এবং হাত মিলিয়ে দোয়া চান তিনি। অনেক ভোটারও এ সময় এগিয়ে এসে তার সঙ্গে হাত মেলান। মসজিদের মিম্বর বরাবর একেবারে সামনের কাতারে বসেন আরিফুল।
মোনাজাতের আগে মসজিদের খতিব বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এলাকার বাসিন্দা আরিফ সাহেব এখানে হাজির আছেন। তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা তার জন্য দোয়া করি।
পরে প্রায় তিন মিনিটের মোনাজাতের প্রায় দেড় মিনিট আরিফকে নিয়ে দোয়া চান ইমাম সাহেব।
মোনাজাতের পর সুন্নত নামাজ পড়ে মসজিদেই সামনের সারির মুরুব্বিদের সঙ্গে হাত মিলিয়ে বের হয়ে আসেন আরিফুল। দোয়া চাইতে চাইতে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচন কমিশনই কিছু কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলছে। কিন্তু এরপরও তারা সেনাবাহিনী মোতায়েন করছে না। বারবার সেনাবাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছিল বিএনপি। নির্বাচন কমিশন অজানা কারণে আমাদের দাবিকে উপেক্ষা করেছে। এর ফলে সুবিধা পাচ্ছে সরকার সমর্থিত প্রার্থী।
“কালকের নির্বাচনে যদি কোন গোলযোগ হয়, সুষ্ঠু নির্বাচনে কোন বিঘ্ন সৃষ্টি হয়, তাহলে এর জন্য নির্বাচন কমিশনকেই দায়ী থাকতে হবে। সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে তারা এখনো এই দায় এড়াতে পারে”, যোগ করেন আরিফ।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শতাধিক মানুষ আশপাশে জড়ো হয়। মসজিদের দোতলার বারান্দায়ও ছিল উৎসুক মানুষের ভীড়। এ সময় আরিফ সমর্থকরা ‘টেলিভিশন, টেলিভিশন’ বলে স্লোগান দিতে থাকে।
আরিফ এরপর মানিকপীর রোড ধরে কয়েকশ লোক নিয়ে এগিয়ে যেতে যেতে হাতের ডানপাশে থাকা অপেক্ষমাণ মানুষদের সঙ্গে সালাম, শুভেচ্ছা বিনিময় করেন।
পরে মানিক পীরের মাজারের সিটি কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে একই রাস্তা ধরে ফিরে এসে বাড়ির দিকে এগিয়ে যান তিনি।
পথে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা তাকে দেখে পাশে সরে দ্রুত বেগে চলে যেতে চাইলে তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলেন, “ভোট দিবেন না, তাতে কী? দোয়া তো দিবেন।”
কুমারপাড়া বাড়ির সামনে অবস্থিত কার্যালয়ে গিয়ে সঙ্গে থাকা এবং সেখানে জড়ো হওয়া নির্বাচন কর্মীদের উদ্দেশ্য বলেন, “তোমরা বাড়ি চলে যাও। খেয়ে দেয়ে বিশ্রাম নিয়ে বের হয়ে যাবে। বিকালে চারদিকে নজর রাখবে। আর সবাইকে কাল সকাল সকাল ভোট দিয়ে দিতে বলবে।”
দুপুর পৌনে দুইটার দিকে তিনি কার্যালয়ের ভিতরে চলে যান।
