২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মবিরতি চলছে

স্থায়ী নিয়োগসহ পাঁচদফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির বাংলাদেশি শ্রমিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুক্রবারও অব্যাহত রয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 11:19 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

এর ফলে সকাল থেকে খনিতে কয়লা উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিক্ষুদ্ধ শ্রমিকরা খনির কর্মকর্তাদের কার্যত অবরুদ্ধ করে রেখেছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বাংলাদেশি প্রায় এক হাজার শ্রমিক এ কর্মবিরতি শুরু করে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুজ্জামান কয়লা উৎপাদন বন্ধ থাকার কথা নিশ্চিত করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূগর্ভে চীনা শ্রমিকরা কয়লা কাটাসহ অন্যান্য কাজ করছে। তবে বাংলাদেশি শ্রমিকরা কাজ না করায় কয়লা উপরে ওঠানো বন্ধ রয়েছে।

আজ (শুক্রবার) কোনো কর্মকর্তা খনির বাইরে যাননি বলেও তিনি জানান।

এমডি আমিনুজ্জামান আরো জানান, কর্মবিরতি শুরুর আগেরদিন ১২ জুন তিন হাজার সাতশ’ মেট্রিকটন কয়লা উৎপাদন হয়েছিল। গতকাল (বৃহস্পতিবার) কোনো উৎপাদন হয়নি।

বড়পুকুরিয়ায় দৈনিক গড়ে কয়লা উৎপাদন হয় চার হাজার মেট্রিকটন।

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের পাঁচদফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতির সঙ্গে খনিগেটে অবস্থানও চলবে।

কোনো কর্মকর্তাকে খনি ক্যাম্পাস থেকে বের হতে এবং বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না।

শ্রমিকদের দাবিগুলো হল: সকল শ্রমিকদের বিসিএমসিএল-এর অধীনে স্থায়ী নিয়োগ, খনিতে বাংলাদেমি ডাক্তার নিয়োগ, ২০১১-১২ সালের প্রফিট বোনাস সমান অংশে প্রদান, খনি শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু এবং শ্রমিকদের জীবন বীমার ব্যাবস্থা গ্রহণ।