চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
চাঁদপুর রেলওয়ে থানার এএসআই আব্দুল মতিন জানান, শুক্রবার সকালে উয়ারুক স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে স্টেশনের পশ্চিম পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স চল্লিশের কাছাকাছি।
স্থানীয়দের বরাত দিয়ে এএসআই মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে চাঁদপুর থেকে একটি লোকাল ট্রেন লাকসাম যাচ্ছিল। ট্রেনটি উয়ারুক স্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
