২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু ঝুঁকি: ১৫৮ কোটি টাকা দেবে ডেনমার্ক

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে ১১০ মিলিয়ন ডেনিশ ক্রোনার (প্রায় ১৫৮ কোটি টাকা) সহায়তা দিচ্ছে ডেনমার্ক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

২০১৫ সালের মধ্যে তিন বছরে তিন ধাপে এ অর্থ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং।

বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করে তিনি এ কথা জানান।

সেন্ড ওলিং তিন বছরের অধিক সময় বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।

বৈঠকে হাছান মাহমুদ বলেন, ডেনমার্কের এ সহায়তা জলবায়ুর ঝুঁকি প্রশমন এবং অভিযোজন- উভয় খাতেই ব্যয় করা হবে।

মন্ত্রী জানান, এ বছর প্রথম ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের চারটি উপকূলীয় জেলায় পানি নিষ্কাশন ব্যবস্থাপনা ও বাঁধ নির্মাণের জন্য ১০ মিলিয়ন ডেনিশ ক্রোনার প্রকল্প সহায়তা খাতে দেয়া হবে।

এরপর ২০১৪ ও ১৫ সালে ৫০ মিলিয়ন করে ১০০ মিলিয়ন ডেনিশ ক্রোনার প্রদান করা হবে বিসিসিআরএফসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে।