দশ ট্রাক অস্ত্র: তদন্ত কর্মকর্তা অসুস্থ, জেরা হয়নি
অসুস্থ থাকায় ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তাকে নবম দিনের জেরা করা হয়নি।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরীকে জেরার দিন নির্ধারিত ছিল।
চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত কর্মকর্তা অসুস্থ থাকায় তিনি আদালতে আসতে পারেননি।
এর আগে বুধবার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামানকে দিনভর জেরা করেন মামলার আসামি সিইউএফএল’র তৎকালীন মহাব্যবস্থাপক মহসিন উদ্দিন তালুকদার, পলাতক সাবেক শিল্প সচিব নূরুল আমিন, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও দ্বীন মোহাম্মদের আইনজীবীরা।
আইও মনিরুজ্জামান বর্তমানে সিআইডি চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএলের সংরক্ষিত জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ।
