২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের মায়ের আবেদনের শুনানি ১৩ আগস্ট

র‌্যাবের গুলিতে আহত ঝালকাঠীর কলেজ ছাত্র লিমন হোসেনের মায়ের পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য ১৩ অগাস্ট নতুন তারিখ রেখেছে আদালত। 

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 10:17 AM

Updated : 25 Apr 2022, 06:51 PM

লিমনকে গুলি করে পঙ্গু করা ও হত্যা চেষ্টার অভিযোগে ২০১১ সালের ১০ এপ্রিল তার মা হেনোয়ারা বেগম ছয় র‌্যাব সদস্যের বিরুদ্ধে ঝালকাঠী আদালতে মামলা দায়ের করেন। ২০১২ সালের ১৪ আগস্ট র‌্যাব সদস্যদের অব্যহতি দিয়ে আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ।

হেনোয়ারা বেগম ওই তদন্ত প্রতিবেদনের বিষয়ে নারাজি জানিয়ে আদালতে আবেদন করলেও গত ১৩ ফেব্রুয়ারি ঝালকাঠীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম তা খারিজ করে দেন।

নারাজি খারিজের ওই আদেশ পুনর্বিবেচনার জন্য গত ১৯ মার্চ জেলা ও দায়রা জজ আদালতে এই পুনর্বিবেচনার আবেদন করেন হেনোয়ারা বেগম।

বৃহস্পতিবার ঝালকাঠীর জেলা ও দায়রা জজ আদালতে ওই আবেদনের ওপর শুনানির নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষের আইজীবী সময় চেয়ে আবেদন করেন।

এই পরিপ্রেক্ষিতে বিচারক মো. শহীদুল্লাহ বকাউল শুনানি পিছিয়ে আগামী ১৩ আগস্ট নতুন তারিখ রাখেন।

লিমনের মা হোনোয়ারা বেগম এ সময় আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন তার আইনজীবি আককাস সিকদার।

২০১১ সালের ২৩ মার্চ বিকেলে ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের কলেজ পড়ুয়া ছেলে লিমন হোসেন র‌্যাবের গুলিতে পা হারান।