মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে কারচুপির মামলা
মাগুরা পৌর মেয়র উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার আদেশ চেয়ে নির্বাচনের রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার জেলা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন আওয়ামী লীগ সর্মথিত পরাজিত প্রার্থী খুরশিদ হায়দার টুটুল ও জাতীয় পার্টির প্রার্থী হাসান সিরাজ সুজা।
বাদীপক্ষের আইনজীবী ফরিদ হোসেন ও তুষার কান্তি বিশ্বাস জানান, মামলায় নির্বাচনের রিটার্নিং অফিসার মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তারেকসহ বিজয়ী প্রার্থী ইকবাল আখাতার খান কাফুর, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হানিফ উদ্দিনসহ বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা ৩১ জন কলেজ শিক্ষককে বিবাদী করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৬ মে অনুষ্ঠিত মাগুরা পৌর উপ-নির্বাচনে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা উর্ধ্বতন কর্মকর্তারা ইকবাল আখতার খান কাফুরের পক্ষে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের উদ্দেশ্যে ৩১টি কেন্দ্রে নিজেদের ইচ্ছামতো প্রিজাইডিং অফিসার নিয়োগ করেন।
পরে ভোট গণনার সময় তাদের মাধ্যমে কাফুরের পক্ষে ব্যাপক কারচুপি করে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এ কারণে এ ফলাফল প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি জানান দুই প্রার্থী ।
আদালত এ মামলার প্রেক্ষিতে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছে।
গত ১২ ফেব্রুয়ারি মাগুরার পৌর মেয়রের মৃত্যু হলে পদটি খালি হয়। ৬ মে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী খুরশিদ হায়দার টুটুলের চেয়ে প্রায় ৫ হাজার ভোট বেশি পেয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইকবাল আখতার খান কাফুর বিজয়ী হন।
