বাড্ডায় পুড়ল ৪৬ দোকান
রাজধানীর মধ্য বাড্ডায় একটি মার্কেটে আগুন লেগে ৪৬টি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মো. আলী জানান, বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে মধ্যবাড্ডার হাজী সুপার মার্কেটে আগুন লাগে।
অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন অগ্নিনির্বাপক কর্মীরা।
মো. আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে মার্কেটের ৪৬টি দোকান পুড়ে গেছে। পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন মালামাল ছিল এসব দোকানে।
ভোরে মার্কেট বন্ধ থাকায় এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে সব মিলিয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের ধারণা।
