নোয়াখালীতে জলদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত ৬ পুলিশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশ ও জলদস্যু বন্দুকযুদ্ধে ছয় পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুছাপুর ইউনিয়নের রেগুলেটর এলাকায় নেয়ামত বাহিনীর সঙ্গে নিজেদের ঘণ্টাব্যাপী সংঘর্ষের কথা জানিয়েছে পুলিশ।
এতে আহত হন পরিদর্শক মো. শফিকুল ইসলাম, এসআই সুধীর রঞ্জন বড়–য়া, এসআই রবিউল হোসেন ও এএসআই বিল্লাল হোসেন এবং দুই কনস্টেবল।
আহত ১০ জলদস্যুকে তাদের সহযোগীরা নিয়ে ট্রলার যোগে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
ঘটনাস্থল থেকে নেয়ামত বাহিনী প্রধান দস্যু নেয়ামত উল্লাহকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,ওই এলাকায় একটি দোকানে নেয়ামত উল্যাহ অবস্থান করছে জানতে পেরে পুলিশ অভিযান শুরু করে। এ সময় জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি করতে থাকে, জবাবে পুলিশও ২০ রাউন্ড গুলি চালায়।
বাহিনী প্রধান নেয়ামত খালের পানিতে লাফ দিলে পুলিশ সদস্যরা ঝঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে বলে জানান ওসি।
জেলার পুলিশ সুপার আনিসুর রহমান রাত সাড়ে ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নেয়ামতকে সঙ্গে নিয়ে রাত ৯টা থেকে বিভিন্ন থানার পুলিশ ছয়টি দলে বিভক্ত হয়ে অন্যদের ধরতে অভিযানে নেমেছে।
ওসি সাজেদুর রহমান জানান, নেয়ামতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে কোম্পানীগঞ্জ, সন্দ্বীপ, সোনাগাজী ও হাতিয়া থানায় ১৪টি মামলা রয়েছে যার পাঁচটিতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
