ছাত্রী নিহতের জেরে গাড়ি ভাংচুর
দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থীর মৃত্যুর পর ক্যাম্পাসের পাশের সড়কগুলোতে গাড়ি ভাংচুর করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর মৃত্যুর পর রাতে রোকেয়া সরণিসহ ক্যাম্পাস সংলগ্ন সড়কে অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
নিহত রোখসানা আফরোজ লিরা (২৭) কীটতত্ত্ব বিভাগে পিএইচডি গবেষণা করছিলেন। এই বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহিল বাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে একটি প্রাইভেটকার লিরাকে চাপা দেয়।
এরপর লিরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লিরার মৃত্যুর খবর শুনে রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই ফটকের সামনের সড়কগুলোতে গাড়ি ভাংচুর শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর তারা রোকেয়া সরণিতে এসেও ভাংচুর চালায়।
প্রত্যক্ষদর্শীরা অর্ধশতাধিক গাড়ি ভাংচুরের কথা জানালেও শেরে বাংলা নগর থানার ওসি মুমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তেজিত শিক্ষার্থীরা ৭/৮টি গাড়ি ভাংচুর করেছে।
ভাংচুরের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর রাতেই ক্যাম্পাসে লিরার জানাজা হয়, যাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহাদাত উল্লাহও অংশ নেন।
উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিরা ছিলেন খুব মেধাবী শিক্ষার্থী। পিএইচডি গবেষণার পাশাপাশি তিনি একটি প্রতিষ্ঠানে কাজও করতেন।
লিরার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়। তার বাবা একজন ব্যবসায়ী। লিরার দাদা সাবেক প্রতিমন্ত্রী আনিসুল হক চৌধুরী।
জানাজায় অংশ নেয়া নীরার মামা তানভীর জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি লিরার বিয়ে হয়।
লিরার লাশ নিয়ে রাতেই তার স্বজনরা রংপুরের উদ্দেশে রওনা হয়েছে।
