সংঘর্ষের পর যশোর বিশ্ববিদ্যালয় বন্ধ
শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
একইসঙ্গে বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়।
বুধবার দুপুরে এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে জানান প্রক্টর অধ্যাপক নুরে আলম।
অধ্যাপক নুরে আলম আরো বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ প্রহরায় তাদের যশোর শহরের পালবাড়ি বাসস্ট্যান্ডে পৌঁছে দেয়া হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দায়িত্বরত এক নিরাপত্তা কর্মীর সঙ্গে ছাত্রদের কথা কাটাকাটির জের ধরে এ সংঘর্ষ শুরু হয়।
এ সময় শিক্ষার্থীরা স্থানীয় যুবকদের তিনটি মোটরসাইকেলে আগুন দেয়।
উপাচার্যের ব্যক্তিগত সহকারী কামরুল হাসান ও যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনার্স ও মাস্টার্সের ফিস কমানোর জন্য গত চারদিন ধরে আন্দোলন করছিলেন।
এ সময় ফটকে কর্তব্যরত নিরাপত্তাকর্মী বাদল, যিনি স্থানীয় বাসিন্দা, তাদের উদ্দেশে কটূক্তি করলে ছাত্রদের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জেরে বাদলের পক্ষ নিয়ে তিনটি মোটরসাইকেলে করে এসে স্থানীয় কয়েকজন যুবক ছাত্রদের উপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।
এ সময় দুদল পরস্পরের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে।
পরে উপাচার্যের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।
