ঈশ্বরদীতে বিদ্যালয়ে ১৪ শিক্ষার্থী অসুস্থ
পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি প্রথমিক বিদ্যালয়ে ১৪ শিক্ষার্থী অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে পড়েছে।
বুধবার দুপুরে এ ঘটনার পর সাহাপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
তবে, চিকিৎসার পর সব শিক্ষার্থী সুস্থ রয়েছে বলে বিদ্রালয় কর্তৃপক্ষ জানায়।
সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে হঠাৎ একে একে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে যায় এবং সংজ্ঞাহীন হয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের খবর দেয়া হয়। পরে অভিভাবকরা তাদের বাড়ি নিয়ে যান।
অসুস্থ হওয়া ৫ম শ্রেণির নিশাত তাসনিন জানায়, “ক্লাশে বসে থাকার সময় সাদা পোশাকের এক লোক আমার গলা টিপে ধরে। তারপর আমার কিছু মনে নেই।”
একই ধরনের কথা বলে ওই শ্রেণির শিক্ষার্থী নাইস আকতার।
এ ব্যাপারে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনোয়ারুল আজীজ বলেন, এটা সাধারণত টেনশনের কারণে হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে এইচটিআর বলা হয়।
এ ধরনের কিছু হলে কিছুক্ষণ পরেই আবার সুস্থ হয়ে যায়। টেনশনের কিছু নেই।
সাহাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেফাউর রহমান রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবাদ পেয়ে দ্রুত তিনি ওই স্কুলে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
ভয় কিংবা কোনো প্রকার আতঙ্ক থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অসু্স্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ৫ম শ্রেণির সোনালী আকতার, নিশাত তাসনিন, প্রিয়াংকা আকতার, নাইস আকতার, নিশি আকতার, আসমা উল হুসনা, ৪র্থ শ্রেণির নুসরা আকতার, মুসতাকিমা ও প্রথম শ্রেণির প্রমা খাতুন।
