২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুর রহমান ফের রিমান্ডে

উস্কানিমূলক খবর প্রকাশের অভিযোগে রমনা থানার একটি মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 07:07 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

ঢাকার মহানগর হাকিম হারুন অর রশিদ বুধবার শুনানি শেষে এই আদেশ দেন।

মাহমুদুরকে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আদালতে হাজির করা হয়। তাকে ১০ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন করেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মীর রেজাউল ইসলাম।

শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আমার দেশ পত্রিকায় উস্কানিমূলক সংবাদ প্রকাশের কারণে গত ২২ ফেব্রুয়ারি জামায়াত-শিবির সমর্থিত দেড়শ’ থেকে দুইশ’ লোক শাহবাগে গণজাগরণ মঞ্চে ভাংচুর করতে যায়। যুদ্ধাপরাধীদের বিচার বাতিল করাসহ বিভিন্ন স্লোগান দেয় তারা। এ সময় তারা গাড়ি ভাংচুর, বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজি করে। পুলিশের কাজেও বাধা দেয় তারা।

আসামিপক্ষের আইনজীবী বেলাল হোসেন জসীম জানান, মাহমুদুর রহমানের পক্ষে রিমান্ড আবেদন বাতিল বা জামিন আবেদন- কোনোটাই করা হয়নি।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর তিন মামলায় তাকে ১৩ দিনের রিমান্ডে পাঠায় আদালত।