জেআরসি বৈঠকে উঠছে তিস্তা-টিপাইমুখ
তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি, টিপাইমুখ বাঁধসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে ঢাকায় বসতে যাচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন (জেআরসি)।
আগামী ১৮ ও ১৯ জুন এই বৈঠক হবে বলে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ আলতাফ আলী।
তিনি বলেন, “তিস্তার পানি চুক্তিসহ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো আলোচনায় উপস্থাপন করা হবে।”
২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের সময় তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে তা আটকে যায়। তবে ভারতের পক্ষ থেকে শিগগিরই এই চুক্তি সইয়ের আশা দেয়া হচ্ছে।
অন্যদিকে বরাক নদীর উজানে টিপাইমুখে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধ দেয়া নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হচ্ছে। তবে নয়া দিল্লির আশ্বাস, বাংলাদেশের ক্ষতি হয়, এমন কিছু তারা করবে না।
দ্বিপক্ষীয় এই বৈঠকের শুরুতেই উভয় পক্ষের সম্মতিতে আলোচ্যসূচি ঠিক হবে বলে জানান সচিব।
তিনি জানান, সম্ভাব্য আলোচ্যসূচি ঠিক করে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
বৈঠকে প্রতিনিধিত্ব করতে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে দলনেতা করে ১৪ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।
অন্যদিকে ভারতের পানি সম্পদমন্ত্রী হরিশ রাওয়াতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিতে আগামী ১৭ জুন বাংলাদেশে আসবেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আলোচ্যসূচিতে তিস্তা ও টিপাইমুখ বাঁধ ছাড়াও ফেনী নদীর অন্তর্বর্তীকালীন পানি বণ্টন চুক্তি, অভিন্ন নদী মুন, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার পানি বণ্টন চুক্তি, ১৯৯৬ সালে বাংলাদেশ-ভারতের মধ্যে স্বাক্ষরিত ফারাক্কায় গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন ও শুকনো মৌসুমে ফারাক্কায় গঙ্গার প্রবাহ বৃদ্ধি ও অভিন্ন/সীমান্তবর্তী নদীর তীর সংরক্ষণের বিষয়গুলো রাখা হয়েছে।
এছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সংক্রান্ত দুই দেশের সহযোগিতা সম্প্রসারণ, ভারতীয় নদী আন্তঃসংযোগ প্রকল্প, অববাহিকভিত্তিক সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় জলবিদ্যুৎ উন্নয়ন ও পানি সম্পদ ব্যবস্থাপনা এবং ভারত কর্তৃক মেঘালয় রাজ্যের উমিও নদীতে মাউপু বাঁধ এবং মাইন্ডু নদীতে মাইন্ডু বাঁধ নির্মাণ পরিকল্পনা, বাংলাদেশ ও ভারতের অভিন্ন এলাকায় ইছামতি নদীর ড্রেজিং এবং বাংলাদেশে গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের বিষয়ও সম্ভাব্য আলোচ্যসূচিতে স্থান পেয়েছে।
কর্মকর্তারা জানান, বাংলাদেশের প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, ভারতে বাংলাদেশের হাই কমিশনার তারেক এ করিম, পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ আলতাফ আলী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. আজিজুল হকও থাকছেন।
এখন পর্যন্ত জেআরসির ৩৭টি বৈঠক হয়েছে। ২০১০ সালের ১৭-২০ মার্চ কমিশনের ৩৭তম বৈঠক ভারতে হয়।
২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর ও দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় সমস্যা নিয়ে বৈঠক হয়। এই বৈঠকের পর যৌথ ইশেতেহারে উভয় দেশের পানিসম্পদমন্ত্রীকে মন্ত্রী পর্যায়ে জেআরসির বৈঠক আয়োজনের নির্দেশ দেয়া হয়। এর পরে জেআরসির ৩৭তম বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
জেআরসির ৩৭তম বৈঠকে বাংলাদেশ সমতা, ন্যায়ানুগতা ও পারস্পরিক ক্ষতি না করার নীতির ভিত্তিতে ১৫ বছরের জন্য তিস্তা নদীর একটি অন্তর্বর্তীকালীন চুক্তির খসড়া উপস্থাপন করে। অন্যদিকে অক্টোবর-এপ্রিল মাসে তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতও একটি খসড়া উপস্থাপন করে।
পরবর্তীতে ২০১০ সালের ১০ জানুয়ারি এ বিষয়ে সচিব পর্যায়ে একটি বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তিস্তা ও ফেনী নদীর অন্তর্বর্তীকালীন পানি বণ্টন চুক্তি সম্পাদনের লক্ষ্যে উভয় দেশের জেআরসির সদস্যরা প্রস্তাবিত চুক্তির খসড়া দুটির বিষয়ে ঐকমত্য পোষণ করেন।
পরে ২০১১ সালের ৬-৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে যৌথ বিবৃতিতে ন্যায়ানুগতা ও সমতার ভিত্তিতে তিস্তা ও ফেনী নদীর অন্তর্বর্তীকালীন পানি বণ্টন চুক্তি সম্পাদনে নীতি ও পদ্ধতি প্রণয়নের অগ্রগতিকে স্বাগত জানায়।
পরে উভয় দেশের প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই চুক্তি সম্পাদনে কার্যক্রম পরিচালনায় নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় রমেশ চন্দ্র সেন ভারতের পানিসম্পদমন্ত্রী হরিশ রাওয়াতকে এ বিষয়ে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।
