একাত্তরে গণহত্যাকে ‘অস্বীকার’ করে সাকার আইনজীবীর জেরা
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষীকে সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রধান আইনজীবীর জেরার ধরনে একাত্তরের গণহত্যাকে অস্বীকার করা হয়েছে বলে বিচারকদের কাছে মনে হয়েছে।
তবে আইনজীবী আহসানুল হক হেনা বিচারকের প্রশ্নের উত্তরে বলেছেন, তিনি গণহত্যাকে অস্বীকার করছেন না।
যুদ্ধাপরাধে অভিযুক্ত বিএনপি নেতার আইনজীবী আহসানুল হক মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা মো. নূরুল ইসলামকে জেরা করেন।
এই সাক্ষীকে ষষ্ঠ দিনের জেরার এক পর্যায়ে আহসানুল বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চের পরে যারা নিহত হয়েছেন তাদের স্ব-স্ব ইউনিয়ন পরিষদ থেকে তাদের মৃত্যুসনদ গ্রহণ করা হয়েছে কি না।
জবাবে তদন্ত বলেন, তিনি তা করেননি।
আহসানুল তখন প্রশ্ন করেন, “আপনি কি তাদের কর, ভ্যাট, ব্যাংক ডকুমেন্ট ও অন্যান্য বিষয়ে কোনো খোঁজ-খবর নিয়েছেন?”
এ প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই ট্রাইব্যুনালের চেয়ারম্যান এ টি এম ফজলে কবীর বলেন, “হেনা সাহেব, আপনি একাত্তরের গণহত্যাকে অস্বীকার করে জেরা করছেন।
“দুই কোর্টের (ট্রাইব্যুনাল-১ ও ২) কোনো মামলায় ডিফেন্স লইয়ার একাত্তরের গণহত্যাকে অস্বীকার করে জেরা করেননি। আপনিই একমাত্র আইনজীবী একাত্তরের গণহত্যাকে অস্বীকার করে জেরা করছেন।”
তখন আহসানুল বলেন, “না, আমি তো একাত্তরের গণহত্যাকে অস্বীকার করিনি।”
এরপর এ আইনজীবীকে উদ্দেশ্য করে চেয়ারম্যান বলেন, “আপনি জেরা করতে থাকেন। দেখা যাক কী হয়।”
মামলার ৪১তম সাক্ষী তদন্ত কর্মকর্তাকে দিনভর জেরার পর আদালত বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করে।
মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের বিচার চলছে।
২০১২ সালের ৪ এপ্রিল তার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, দেশান্তর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
