২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ জুন ‘পাহাড় রক্ষা দিবস’ ঘোষণার দাবি

মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে পাহাড় ধসে নিহতদের স্মরণ করেছে চট্টগ্রামের কয়েকটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 02:09 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে নাগরিক সংগঠন পিপলস ভয়েস, জনউদ্যোগ ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ।

২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে টানা বর্ষণের পর পাহাড় ধসে নিহত ১২৭ জনকে স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ২০০৭ সাল থেকে গত বছর পর্যন্ত চট্টগ্রামে পাহাড় ধসে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।   

কর্মসূচি থেকে আয়োজকরা ১১ জুনকে ‘পাহাড় রক্ষা দিবস’ ঘোষণার দাবি জানায়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মানুষের অতি মুনাফা ও লোভাতুর প্রবণতার কারণে বাংলাদেশের পরিবেশ ও সাধারণ মানুষের প্রাণ বিপন্ন। প্রতি বছর পাহাড় ধসে চট্টগ্রামে হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়। অথচ কর্তৃপক্ষের এখনো টনক নড়েনি।

সমাবেশ থেকে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে মনুষ্য সৃষ্ট এ বিপর্যয়ের জন্য দায়ীদের কঠোর বিচার এবং পাহাড় রক্ষার জন্য গঠিত সরকারি কমিটিকে আরো জোরদার ভূমিকা পালনের দাবি জানানো হয়।

পিপলস ভয়েসের সমন্বয়ক শরীফ চৌহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সাবেক সভাপতি প্রকৌশলি দেলোয়ার মজুমদার, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, পিপলস ভয়েসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইদ্রিস আলী, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক সুনীল ধর, চট্টগ্রাম কলেজের অধ্যাপক ড. নুরুল বাশার চৌধুরী, সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগের সদস্য সালমা জাহান মিলি ও আসকার দীঘির পাড় সামাজিক কমিটির সৈয়দুল হক।

২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে পাহাড় ধসে ১২৭ জন মারা যায়। সর্বশেষ গত বছরের ১৭ জুন নগরীর আকবর শাহসহ তিনটি এলাকায় পাহাড় ধসে মারা যায় ২০ জন। এর আগে ২০১১ সালের ১ জুলাই নগরীর টাইগারপাস এলাকার বাটালি হিলের রিটেইনিং দেয়াল ধসে মারা যায় ১৭ জন।

২০০৮ সালের ১৮ অগাস্ট নগরীর লালখান বাজার মতিঝর্ণা এলাকায় পাহাড় ধসে মারা যায় ১২ জন।